২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: এক দিনে ১১৮৬ রোগী ভর্তি, মৃত্যু ৩ জনের

এ বছর ডেঙ্গুতে ঝরে গেছে ২২৬ জনের প্রাণ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2024, 09:11 PM

Updated : 26 Aug 2026, 10:44 AM

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১১৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, এই সময়ে মশাবাহিত এ রোগে মৃত্যু হয়েছে ৩ জনের।

তাতে এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৯৫০ জন হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৬ জনে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৬৯ জন, ঢাকা বিভাগে ২৫৪ জন, ময়মনসিংহে ৪১ জন, চট্টগ্রামে ১৩৬ জন, খুলনায় ১০৪ জন, রাজশাহী বিভাগে ৬৯ জন, রংপুর বিভাগে ১৪ জন, বরিশাল বিভাগে ৯৫ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।

গত একদিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে দুজন এবং বরিশাল বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

বুধবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪২ হাজার ২৭ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৬৯৭ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৭৫৯ জন; আর ১৯৩৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। 

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ২৬ হাজার ৩১৪ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৬৩৬ জন।

গত সেপ্টেম্বর মাসে ১৮ হাজার ৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন, মৃত্যু হয় ৮০ জনের। আক্রান্ত ও মৃত্যুর দুটি সংখ্যাই এ বছরের সর্বোচ্চ। 

অক্টোবরের প্রথম ১৬ দিনে ১৫ হাজার ১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ৬৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।