২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৭২৫ রোগী, মৃত্যু দুজনের

এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১৭ জন।

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৭২৫ রোগী, মৃত্যু দুজনের
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2025, 04:57 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৭১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৪০৪ জনে।

গত একদিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ বছর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় যে দুই জন মারা গেছেন তাদের একজন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে, একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারা দুজনই নারী; বয়স ছিল যথাক্রমে ৬০ ও ২৭ বছর।

এ বছর ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হন সেপ্টেম্বরে; মৃত্যুও ছিল সর্বোচ্চ। গেল মাসে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন; মৃত্যু হয় ৭৬ জনের।

অক্টোবরের সাত দিনে হাসপাতালে ভর্তি হলেন ৪ হাজার ৩৬২ জন; আর মৃত্যু হলো ১৯ জনের।

এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হন।

জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়। তার আগে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন ও অগাস্টে ৩৯ জনের মৃত্যু হয়। মার্চ মাসে কারো মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৫৫ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।

এ ছাড়া ঢাকা বিভাগে ১৪২ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭০ জন, খুলনা বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, রংপুর বিভাগে ১০ জন এবং বরিশাল বিভাগে ১৩১ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৫২০ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৫৯ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৬১ জন চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।