২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ২০৯

সবশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি, ৮৩ জন রোগী ভর্তি হন বরিশাল বিভাগে, বলছে স্বাস্থ্য অধিদপ্তর।

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ২০৯
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2025, 06:03 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে দেশে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুর পাশাপাশি ২০৯ জনের হাসপাতালে ভর্তির তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

তাতে এ বছর ডেঙ্গুতে মৃত্যু দাঁড়াল ৮৪ জনে; আর হাসপাতালে ভর্তি রোগীর বেড়ে হলো ২১ হাজার ৩২৭ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি, ৪১ জনের মৃত্যু হয়ে জুলাই মাসে। 

এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিন জন ও জুনে ১৯ জনের মৃত্যু হয়। মার্চ মাসে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও জুলাইয়ে ছিল সবচেয়ে বেশি; ১০ হাজার ৬৮৪ জন।  

এ ছাড়া জানুয়ারিতে এক হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে এক হাজার ৭৭৩ জন ও জুনে ভর্তি হন পাঁচ হাজার ৯৫১ জন। 

গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি, ৮৩ জন ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে।

এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৭ জন, ঢাকা বিভাগে ৪৮ জন, ময়মনসিংহ বিভাগে আটজন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন এবং খুলনা বিভাগে দুজন রোগী ভর্তি হন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ৩২৯ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৪১ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯২১ জন।

দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।