২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

নভেম্বর মাসে ইতোমধ্যে মারা গেলেন ৭১ জন।

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
১২ বছরের শিশু ইয়াসিন আরাফাত ৫ দিন ধরে জ্বরে আক্রান্ত। ডেঙ্গু ধরা পড়ায় মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: আসিফ মাহমুদ অভি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 06:52 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ছয় জনের; এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৮ জন রোগী।

তাতে এ বছর মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ হাজার ৭১২ জনে। তাদের মধ্যে ৩৪৯ জনের মৃত্যু হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয় জনের মধ্যে দুজন ঢাকা উত্তর সিটির, একজন ঢাকা দক্ষিণ সিটির এবং তিনজন রাজশাহী বিভাগের বাসিন্দা ছিলেন।

চলতি নভেম্বর মাসে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হলেন ১৭ হাজার ৪৫০ জন; মৃত্যু হল ৭১ জনের। 

এ বছর অক্টোবর মাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৮০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হন ২২ হাজার ৫২০ জন ডেঙ্গু রোগী, যা এ বছরের সর্বোচ্চ।

এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন, জুন মাসে ১৯ জন, জুলাই মাসে ৪১ জন, অগাস্ট মাসে ৩৯ জন এবং সেপ্টেম্বর মাসে ৭৬ জনের মৃত্যুও হয় ডেঙ্গুতে। মার্চ মাসে এ রোগে কারো মৃত্যু হয়নি।

জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন এবং সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।