Published : 10 Nov 2025, 11:05 PM
স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা এবং মানসিক ও শারীরিক স্বাস্থ্যে ‘ন্যাচারোপ্যাথি’ পদ্ধতি নিয়ে কর্মশালা করেছে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন—সিসিসিএফ।
সোমবার ঢাকার ইস্কাটনে এ কর্মশালা হয় বলে ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
কর্মশালায় মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী গোলাম তৌসিফ বলেন, “নারীরা সমাজ ও পরিবারের মূল স্তম্ভ। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা মানে একটি সুস্থ প্রজন্ম নিশ্চিত করা। ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সময়মতো পরীক্ষা এবং প্রাকৃতিক জীবনধারার অনুশীলন নারীদের জীবন রক্ষা ও উন্নতিতে ভূমিকা রাখতে পারে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অধিদপ্তরের পরিচালক নাইমা হোসেন, প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক হালিদা হানুম আখতার ও জ্যেষ্ঠ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আবু জামিল ফয়সাল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিসিএফের সভাপতি রোকশানা আফরোজ।
প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আখতার বলেন, “নারীদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি ক্রমে বাড়ছে। এ ধরনের সচেতনতামূলক কর্মশালা শুধু রোগ প্রতিরোধেই নয়, বরং প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের মাধ্যমে মৃত্যুহার কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক প্রশান্তি এবং নিয়মিত ব্যায়ামই সুস্বাস্থ্যের মূল চাবিকাঠি।”
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সিসিসিএফের নির্বাহী সম্পাদক আবু জামিল ফয়সাল বলেন, “সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন ক্যান্সার প্রতিরোধ, সার্ভাইভার সহায়তা এবং জনসচেতনতা বৃদ্ধিতে নিরলস কাজ করছে। সমাজের সকল স্তরের মানুষকে একত্র করে ক্যান্সারের বিরুদ্ধে একটি সচেতন ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
রোকশানা আফরোজ বলেন, “সিসিসিএফ দীর্ঘদিন ধরে ক্যান্সার প্রতিরোধ, রোগী সহায়তা ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। ভবিষ্যতেও আমরা নারীদের শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষায় এমন কার্যক্রম অব্যাহত রাখব।”