ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯
পাঁচজনের ৪ জনই ঢাকা বিভাগের; আরেকজন ময়মনসিংহের।
দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু ও ৮৩৯ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজনই ঢাকা বিভাগের; আরেকজন ময়মনসিংহের।
সরকারের হিসাবে, এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছর ৮২ জনের মৃত্যু হল। এর মধ্যে চলতি অগাস্ট মাসে মারা গেছেন ২৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ভর্তি হন ৬১ জন। ৯১ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ভর্তি হন ১৩৫ জন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১১৭ জন, চট্টগ্রামে ১০০ জন, খুলনায় ১৫৮ জন, ময়মনসিংহে ৭৯ জন, রাজশাহীতে ৭১, রংপুরে ২৩ এবং সিলেট বিভাগে ভর্তি হন ৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ২৮ হাজার ৯২৯ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এর মধ্যে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন ২৬ হাজার ৮৯৭ জন। গত ২৪ ঘণ্টায় ছেড়েছেন ৭৯৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।
