২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৮৬৬ রোগী, দুজনের মৃত্যু

এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৩ জন হলো।

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৮৬৬ রোগী, দুজনের মৃত্যু
ফাইল ছবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2024, 06:32 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৬ জন রোগী। 

আর এ সময়ে এই রোগে মৃত্যু হয়েছে দুজনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ভর্তি রোগীদের নিয়ে বাংলাদেশে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৯০০ জনে। মৃতের সংখ্যা ১৩৩ জন।

গত একদিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩২৭ জন, ঢাকা বিভাগে ১৫৮ জন, চট্টগ্রামে ১২১ জন, বরিশালে ৫৫ জন, খুলনায় ৮৫ জন, ময়মনসিংহে ৩৬ জন রাজশাহী বিভাগে ৫৪ জন, রংপুর বিভাগে ১৮ জন এবং সিলেট বিভাগে ১২ রোগী ভর্তি হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২৭৭২ জন রোগী।

গত একদিনে যে দুজনের মৃত্যু হয়েছে তাদের একজন বরিশাল বিভাগের বাসিন্দা। আরেকজন ঢাকা বিভাগের।

চলতি সেপ্টেম্বর মাসে বছরের আগের যে কোনো মাসের চেয়ে দ্বিগুণের বেশি রোগী ভর্তি হয়েছে। এ সময় মৃত্যুও হয়েছে বেশি। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ১২ হাজার ৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ৫০ জনের।

এর আগে জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসে ৬৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৮ জনের।

জুলাই মাসে ২৬৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়। অগাস্টে ৬৫২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।