Published : 09 Jul 2026, 05:57 PM
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
তাদের হিসাবে, এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছর ২৪ জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯০ জন।
এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ৩১ জন। ৪০ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে।
বিভাগের মধ্যে বরিশালে ৪৮ জন, চট্টগ্রামে ৩৪ জন, খুলনায় ২২ জন, ময়মনসিংহে ৬, রাজশাহীতে ৭ ও সিলেটে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২৪ ঘণ্টায় সুস্থ্য হয়ে ১৯৩ জন হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৭ হাজার ৭৪৭ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এর মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ৬৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।