ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৯২
সরকারের হিসাবে, এইডিস মশাবাহিত এ রোগে চলতি মাসে ৪২ জনের মৃত্যু হলো।
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু এবং এক হাজার ৪৯২ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজন খুলনা বিভাগের; একজন করে আছেন ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী বিভাগের।
সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৩৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে চলতি মাসে প্রাণ গেছে ৪২ জনের।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৮১ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ১৫১ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৩২৭ জন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৭৮ জন, চট্টগ্রামে ২০২ জন, খুলনায় ২৮৪ জন, ময়মনসিংহে ৮০ জন, রাজশাহীতে ১২২ জন, রংপুরে ৫৪ জন ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছেন।
বুলেটিনের তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় এক হাজার ৩০৪ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
চলতি বছর ৪৮ হাজার ৪৩০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৪ হাজার ৮৫৭ জন হাসপাতাল ছেড়ে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।
