১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাম: প্রথম দিন টিকা পাবে ১১ লাখ শিশু

সোমবার থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে এক কোটি ৭০ লাখ শিশুকে টিকা দিতে চায় সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2026, 05:14 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

সারাদেশে সোমবার প্রায় ১১ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। 

তিন সপ্তাহের এ কর্মসূচিতে মোট টিকা পাবে এক কোটি ৭০ লাখ শিশু।

এ কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল ৩ মে। কিন্তু ‘পরিস্থিতি বিবেচনায়’ সেটি ১৩ দিন এগিয়ে ২০ এপ্রিল করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গেল ১৫ মার্চ থেকে হাম ও হামের লক্ষণ নিয়ে দেশে দুই শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত ২২ হাজার শিশু। 

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার থেকে তিন সপ্তাহ (১১ কর্মদিবসে) ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৯৩৮ জনকে টিকা দেওয়া হবে। এর মধ্যে প্রথম দিন পাবে ১১ লাখ ২৩ হাজার ৭৫৯ জন শিশু।

ইপিআইয়ের হিসাব অনুযায়ী, ২ লাখ ৮২ হাজার ৫১০টিকেন্দ্রের মাধ্যমে দেশের ওয়ার্ড পর্যায়েও টিকাদান কার্যক্রম চলবে। এরমধ্যে অস্থায়ী কেন্দ্র রয়েছে ১ লাখ ৩০ হাজার।

ইপিআইয়ের সহকারী পরিচালক হাসানুল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চাইলেই এক দিনে সবাইকে টিকা দেওয়া সম্ভব নয়। এজন্য পরিকল্পনা করতে হয়। মাঠ থেকে তথ্য নিয়ে আসার পর কার্যক্রম শুরু করা যায়।”

তিনি আরো বলেন, “এটা শুরু হওয়ার কথা ছিল আগামী মাসের ৩ তারিখ। তবে পরিস্থিতি বিবেচনায় এগিয়ে নিয়ে আসা হয়েছে।”