১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

চলতি মাসে সবচেয়ে বেশি ১৮ হাজার ৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2025, 07:25 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে; তাতে চলতি বছর মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী।

ঢাকা মেডিকেল, রাজশাহী মেডিকেল, পটুয়াখালী মেডিকেল এবং বরগুনার ২৫০ শয্যার হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন। তাদের বয়স হয়েছিল যথাক্রমে ৫৮, ১৮, ৮০ ও ২৩ বছর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৪৩ রোগী। তাতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৪৪০ জনে।

এ বছর চলতি অক্টোবর মাসে সবচেয়ে বেশি ১৮ হাজার ৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; মৃত্যু হয়েছে ৬৫ জনের।

এছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫ হাজার ৯৫১ জন, জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন এবং সেপ্টেম্বর মাসে ১৫ হাজার ৮৬৬ জন রোগী রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। তার আগে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুন মাসে ১৯ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ৩১৯ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এ ছাড়া ঢাকা বিভাগে ২৮১ জন, ময়মনসিংহ বিভাগের ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ১২১ জন, খুলনা বিভাগে ৬৭ জন, রাজশাহী বিভাগে ৫৬ জন, রংপুর বিভাগে ৫১ জন, বরিশাল বিভাগে ১৮৬ জন এবং সিলেট বিভাগে ছয় জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৭৩৩  জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৩০ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৮০৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।