২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

ডা. ইব্রাহিমের মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা

বারডেম, ইব্রাহিম কার্ডিয়াক, বিআইএইচএস ও এনএইচএনসহ সমিতির সব স্বাস্থ্যকেন্দ্রে এ সেবা দেওয়া হবে, বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Sep 2026, 05:46 PM

Updated : 17 Sep 2026, 02:55 AM

ডা. মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি।

রোববার বারডেম, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল, বিআইএইচএস জেনারেল হাসপাতাল ও এনএইচএনসহ সমিতির সব স্বাস্থ্যকেন্দ্রে এ সেবা দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

ডা. মোহাম্মদ ইব্রাহিম হলেন এই সমিতির প্রতিষ্ঠাতা। তার মৃত্যুর দিনটিকে ‘ডায়াবেটিস সেবা দিবস’ হিসেবে পালন করেছে সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা মঙ্গলবার থেকে শুরু হয়েছে; চলবে সোমবার পর্যন্ত। 

১৯৮৯ সালের ৬ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে মারা যান ডা. ইব্রাহিম।

রোববার সকালে বনানী কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ১০টায় বারডেম মিলনায়তনে হবে বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের প্রশ্নোত্তর পর্ব।

একই স্থানে বেলা সাড়ে ১১টায় স্মরণসভা আয়োজন করা হয়েছে। বেলা সাড়ে ১২টায় ‘ইব্রাহিম মেমোরিয়াল ওরেশন’-এ বক্তব্য দেবেন লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের কনসালটেন্ট হেমাটোলজিস্ট অধ্যাপক আমিন ইসলাম।

এছাড়া সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে বিনামূল্যে হৃদরোগীদের পরামর্শ দেওয়া হবে। বারডেম হাসপাতালের তৃতীয় তলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও চলবে।

দিবসটি উপলক্ষে বাদ আসর বারডেম মসজিদে দোয়া মাহফিল হবে এবং সমিতির নিজস্ব প্রকাশনা ‘কান্তি’র বিশেষ সংখ্যা প্রকাশ করা হবে।