২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: একদিনে ভর্তি ১০২৯ রোগী, মৃত্যু ৪ জনের

চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৫৪ হাজার ২২৫ জন হল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 07:25 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০২৯ জন; এই সময়ে মশাবাহিত এ রোগে ৪ জনের  মৃত্যৃ হয়েছে।

এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৫৪ হাজার ২২৫ জন হল। তাদের মধ্যে ২৬৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৯৯ জন, ঢাকা বিভাগে ১৯৭ জন, ময়মনসিংহে ২৫ জন, চট্টগ্রামে ১৪৩ জন, খুলনায় ১৩২ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ১৯ জন, বরিশাল বিভাগে ৮৮ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং একজন বরিশাল বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫০ হাজার ১২৪ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৮৩৩ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৮৬০ জন; আর ১৯৭৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। 

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৩১ হাজার ৩৩৭ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৮৮৮ জন।

অক্টোবরের প্রথম ২৪ দিনে ২৩ হাজার ২৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ১০৫ জনের। এ বছর এক মাসে এটাই সর্বোচ্চ ভর্তি ও মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।