২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

সরকারের হিসাবে, সংক্রামক এ ব্যাধি এবং এর উপসর্গ নিয়ে দেশে প্রায় ছয় মাসে ১ হাজার ৬৩ জনের মৃত্যু হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 05:22 PM

Updated : 21 Sep 2026, 05:21 PM

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ছয়জনের মধ্যে দুজন করে ঢাকা ও সিলেট বিভাগের; একজন করে মারা গেছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।

সরকারি হিসাবে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৬২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ হারিয়েছে এক হাজার ৬৩ জন।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৩২ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৬৯ জন।

এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৮, চট্টগ্রামে ৭৬, বরিশালে ৬০, খুলনায় ৪০ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময় সংক্রামক এ ব্যাধির উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২১৫ জন।

এর মধ্যে ঢাকা বিভাগে ৪৩০ জন, চট্টগ্রামে ২৭০, সিলেটে ১৫৮, বরিশালে ১৩৯, খুলনায় ৯০, ময়মনসিংহে ৭৩, রাজশাহীতে ২৯ ও রংপুর বিভাগে ভর্তি হন ২৬ জন।

এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৯ হাজার ৮০৪। তাদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন হাসপাতাল ছেড়েছে।

হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৩৫। আর হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ২০ হাজার ৬৪৬।

হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না।