ডেঙ্গুতে দুই দিনে ১০ জনের মৃত্যু
এইডিস মশাবাহিত এ রোগ নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৭ জন।
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই দিনে ১০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এছাড়া গেল ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৭ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, এ বছর সব মিলিয়ে ২৮৮ জনের মৃত্যু ঘটিয়েছে ডেঙ্গু। আর হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৮২২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ১০ জনের মধ্যে গেল ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ৫ জনের। এর মধ্যে একজন চিকিৎসাধীন ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে। একজন মারা গেছেন রাজশাহী বিভাগে; আর বাকি ৩ জনের মৃত্যু হয় ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে।
সবশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৮৪ জন রোগী ভর্তি হন ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে।
এছাড়া ঢাকা বিভাগে ২৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৫ জন, বরিশাল বিভাগে ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, রাজশাহী বিভাগে ৭০ জন, ময়মনসিংহে ৬৫, খুলনায় ৫৯, রংপুরে ১৯ এবং সিলেটে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এইডিস মশাবাহিত এ রোগে অক্টোবরে হাসপাতালে ভর্তি হন ২২ হাজার ৫২০ জন, যা ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। এ মাসে ৮০ জন মারা যান, যা এ বছর একক মাসের সর্বোচ্চ মৃত্যু।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
