২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৬৩ হাজার ছাড়াল

চলতি বছর এ পর্যন্ত ২৫৯ জনের মৃত্যু হয়েছে মশাবাহিত এ রোগে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 06:15 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০৩ জন রোগী। তাতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ হাজার ১৭০ জনে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির বছরওয়ারি হিসেবে এই সংখ্যা চতুর্থ সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। 

এ ছাড়া ২০২৪ সালে এক লাখ এক হাজার ২১৪ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন এবং ২০১৯ সালে এক লাখ এক হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ২৫৯ জনের প্রাণ গেল মশাবাহিত এ রোগে।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন নারী, দুই জন পুরুষ। তাদের বয়স হয়েছিল যথাক্রমে ৬৪, ৭২, ৬০ এবং ৬৪ বছর।

তাদের এক জন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, এক জন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং একজন সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, এ বছর আক্রান্ত সবচেয়ে বেশি ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন সেপ্টেম্বর মাসে; মৃত্যু হয়েছে ৭৬ জনের। 

২২ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৮২৮ জন; মৃত্যু হয়েছে ৬১ জনের।

এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫ হাজার ৯৫১ জন এবং অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হন।

জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। তার আগে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুন মাসে ১৯ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২৮৫ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এ ছাড়া ঢাকা বিভাগে ১৪৭ জন, ময়মনসিংহ বিভাগের ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, খুলনা বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ৩৭ জন, রংপুর বিভাগে ১৭ জন রোগী, বরিশাল বিভাগে ১১২ জন এবং সিলেট বিভাগে তিন জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৬৪৮  জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৩৯ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৭০৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।