ভোলায় শিশুদের অসুস্থতা টিকার কারণে নয়: স্বাস্থ্য অধিদপ্তর
“ক্লিনিক্যালি আমরা এটাই মনে করছি, শারীরিক কোনো সমস্যার কারণে নয়, তারা ভয়ে অসুস্থ হয়েছে। এটাকে আমরা ম্যাস সাইকোলজিক্যাল ইলনেস বলি।”
ভোলায় জরায়ুমুখ ক্যান্সারের টিকা নিতে গিয়ে একটি স্কুলের ৬০ শিক্ষার্থীর অসুস্থতা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার এইচপিভি টিকা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবু জাফর এই টিকাদান কর্মসূচি নিয়ে কোনো গুজব বা অপপ্রচার না চালানোর অনুরোধ করেন।
মঙ্গলবার ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকা নিতে গিয়ে এক বিদ্যালয়ের ৬০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার খবর আসে। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবাইকে পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবারের ঘটনার ব্যাখ্যায় মোহাম্মদ আবু জাফর বলেন, “সেখানে টিকা দেওয়ার পর প্রথমে দুজন শিক্ষার্থী অসুস্থবোধ করে। এ অবস্থায় টিকাদানের নিয়ম অনুযায়ী তাদের দুজনকে একটি কক্ষে শুইয়ে দেওয়া হয়। এই অবস্থা দেখে অন্যরা জ্ঞান হারায়। যারা অসুস্থ হয়েছে তাদের মধ্যে পাঁচজনকে টিকাই দেওয়া হয়নি।
তিনি বলেন, প্রাথমিকভাবে এটাকে মানসিক সমস্যার কারণে এটা হয়েছে বলে ধারণা করছেন তারা।
“ক্লিনিক্যালি আমরা এটাই মনে করছি, শারীরিক কোনো সমস্যার কারণে নয়, তারা ভয়ে অসুস্থ হয়েছে। এটাকে আমরা ম্যাস সাইকোলজিক্যাল ইলনেস বলি। টিকা নেওয়ার পর তাদের মানসিক একটা প্রতিক্রিয়া হযেছে। তাদের সবাই বাসায় ফিরে গেছে। তিনজনকে সদর হাসপাতালে নেওয়া হয়েছিল তাদেরও ছুটি দেওয়া হয়েছে।”
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সাধারণত টিকা দিলে জ্বর, ব্যথাসহ কিছু উপসর্গ হয়। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ পর্যন্ত ১৮ লাখের বেশি শিশু-কিশোরীকে টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২৭১ জনের পার্শ্বপ্রতিক্রিয়া গেছে যা খুবই স্বাভাবিক।
ডা. মোহাম্মদ আবু জাফর বলেন, জরায়ুমুখের টিকা নিয়ে কিছু গুজব ছড়ানো হচ্ছে, যা ঠিক নয়। ধর্মীয়ভাবেও টিকা নিতে কোনো নিষেধ নেই।
“বলা হচ্ছে জরায়ুমুখের টিকা নিলে বন্ধ্যাত্ব হবে। এর সঙ্গে বন্ধ্যাত্বের কোনো সম্পর্ক নেই। এর সঙ্গে ধর্মীয় অনুশাসনের কোনো বিরোধিতা নেই। বিশ্বের অনেক মুসলিম দেশে মেয়ে শিশুদের এই টিকা দেওয়া হচ্ছে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ঢাকা ছাড়া দেশের সাতটি বিভাগে ৬২ লাখ ১২ হাজার ৫৫৯ জনকে এইচপিভি টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে।
বুধবার পর্যন্ত ৩৪ লাখ ৪৬ হাজার ৬১৮ জন শিক্ষার্থী টিকার জন্য নিবন্ধন করেছে। টিকা নিয়েছে ১৮ লাখ ১৭ হাজার ৩২৬ শিক্ষার্থী।
সংবাদ সম্মলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, ইউনিসেফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
