ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫ জন
এ বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৯৫ জনে।
বাংলাদেশে গত একদিনে ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু হয়েছে; এ সময় মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৩৫ জন।
সব মিলিয়ে এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬ হাজার ৭৮৬ জনে। তাদের মধ্যে মোট ১৯৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে মৃত ব্যক্তিদের এক জন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, এক জন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এক জন বরগুনার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের তিনজনই পুরুষ; বয়স যথাক্রমে ৭৫, ২৫ এবং ৭৮ বছর।
আক্রান্ত ও মৃত্যু–দুই দিক দিয়েই সেপ্টেম্বর মাস বছরের আগের যে কোনো মাসকে ছাড়িয়ে গেছে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের নিয়ে সেপ্টেম্বর মাসে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার ৩১০ জন। এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আর জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, এ ছাড়া জুন মাসে ৫৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছিলেন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৭৩ জনের মৃত্যু হল সেপ্টেম্বর মাসে। এর আগে জুলাই মাসে ৪১ জনের মৃত্যু হয়েছিল।
এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন, জুন মাসে ১৯ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২২১ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।
এ ছাড়া ঢাকা বিভাগে ১৫১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, খুলনা বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন, রংপুর বিভাগে ১৪ জন, বরিশাল বিভাগে ১১৫ জন এবং সিলেট বিভাগে চার জন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৪০৭ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৩২ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৫৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
