২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৯১ জনে।

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
১২ বছরের শিশু ইয়াসিন আরাফাত ৫ দিন ধরে জ্বরে আক্রান্ত। ডেঙ্গু ধরা পড়ায় মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: আসিফ মাহমুদ অভি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2024, 09:31 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে; হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে ১১ জন ভর্তি হয়েছেন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে। বাকি সবাই বরিশাল বিভাগের।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৩৯১ জনে। এর মধ্যে মারা গেছেন ২৯ জন।

ডেঙ্গুতে গত একদিনে মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। আগের দিন বুধবারও ডেঙ্গুতে একজনের মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

দেশের বিভিন্ন হাসপাতালে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১২৮ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৬৬ জন; ঢাকার বাইরে ছিলেন ৬২ জন।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।

মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে আক্রান্ত হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসের প্রথম নয় দিনে ১৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে পাঁচজনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।