২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সার ও প্যালিয়েটিভ কেয়ার নিয়ে কুমুদিনী কমপ্লেক্সে আন্তর্জাতিক সম্মেলন

সম্মেলনে ক্যান্সার থেরাপি ও প্যালিয়েটিভ কেয়ারের নানা দিক তুলে ধরবেন দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

ক্যান্সার ও প্যালিয়েটিভ কেয়ার নিয়ে কুমুদিনী কমপ্লেক্সে আন্তর্জাতিক সম্মেলন
ক্যান্সার ও প্যালিয়েটিভ কেয়ার সম্মেলনের বিষয়ে ঢাকার গুলশানে রোববার সংবাদ সম্মেলন করে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2024, 06:03 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ক্যান্সার ও প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে বাংলাদেশে বসছে দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা বুধবার টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে এ সম্মেলনের উদ্বোধন করবেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকরা এ সম্মেলনে ক্যান্সার চিকিৎসা ও ব্যথা প্রশমনের সেবা ‘প্যালিয়েটিভ কেয়ারের’ বিষয়ে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা তুলে ধরবেন। 

ক্যান্সার চিকিৎসায় সচেতনতা বাড়ানো, সময়মত রোগ শনাক্ত করা এবং প্যালিয়েটিভ কেয়ারের বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন, প্যানেল আলোচনা ও কর্মশালা থাকবে সম্মেলনে।

রোববার ঢাকার গুলশানে সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের কর্মকর্তারা।

‘ইন্টারন্যাশনাল ক্যান্সার অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার কনফারেন্স ২০২৪’ শীর্ষক এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, সিমন্স বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞদের পাশাপাশি বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেবেন। 

বাংলাদেশে প্যালিয়েটিভ কেয়ার বা প্রশমন সেবার সঙ্গে অনেকেই পরিচিত নন। যারা কিছুটা জানেন, তাদের অনেকেই মনে করেন জীবন সায়াহ্নে থাকা রোগীদের অন্তিম সেবা এটি।

রোগীর শেষ সময়ের সেবা সবসময়ই প্যালিয়েটিভ কেয়ারের অংশ, কিন্তু প্যালিয়েটিভ কেয়ার সবসময় শেষ সময়ের সেবা নয়। শুধু রোগীই নয়, তার পরিবারের সদস্যদেরও সেবা দেওয়া প্যালিয়েটিভ কেয়ারের অংশ। মূলত নিরাময় অযোগ্য কিংবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের শারীরিক ও মানসিক যন্ত্রণা কমাতে প্রয়োজন হয় প্যালিয়েটিভ কেয়ারের।

এতে চার ধরনের সেবার প্রতি গুরুত্ব দেওয়া হয়- শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক। হাসপাতাল, নার্সিং হোম, হসপিস কিংবা বাসায়ও দেওয়া হয় এই সেবা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট, যুক্তরাষ্ট্রের তিন বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুয়েটস জেনারেল হাসপাতালের যৌথ উদ্যোগে হচ্ছে এ সম্মেলন। 

সম্মেলনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার কুমুদিনী প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে স্টেকহোল্ডারদের নিয়ে একটি ওয়ার্কশপ হবে। প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং ভারতের কেরালার প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব প্যালিয়েটিভ মেডিসিনের যৌথ উদ্যোগে হবে এ কর্মশালা, যার উদ্বোধন করবেন সমাজ কল্যাণমন্ত্রী দীপু মনি।

এদিন ‘কমপ্যাশিয়নেট কুমুদিনী’ নামে একটি কমিউনিটি ভিত্তিক উদ্যোগ চালু হবে। এর মাধ্যমে অক্ষম ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের প্যালিয়েটিভের বিষয়ে শিক্ষা দেওয়া হবে।

কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ মো. আবদুল হালিম সংবাদ সম্মেলনে বলেন, “ক্যান্সার থেরাপি এই দেশে তো নয়ই, উপমহাদেশেই ছিল না। রণদা প্রসাদ (কুমুদিনী ট্রাস্টের প্রতিষ্ঠাতা) প্রথম এখানে শুরু করেন। এই আয়োজনে হার্ভার্ড ইউনিভার্সিটিসহ তিনটা প্রতিষ্ঠান আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। বাংলাদেশের ক্যান্সার বিশেষজ্ঞরা এখানে অংশগ্রহণ করবেন।”

তিনি বলেন, “এই কনফারেন্স কুমুদিনীকে যেমন এক ধাপ এগিয়ে নেবে, তেমনি বাংলাদেশেও ক্যান্সার চিকিৎসাকে এগিয়ে নেবে। আমাদের আনন্দের বিষয়, সরকার এটাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। ইদোমধ্যে আমরা ৯৬০ জন নার্সকে প্যালিয়েটিভ কেয়ারের ওপর ট্রেনিং করিয়েছি।”

কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মানিক কে সরকার, রণদা প্রসাদ সাহা ইউনিভার্সিটির ট্রাস্টিস অব বোর্ডের সদস্য মোহাম্মদ ফারুক এবং কুমুদিনী নার্সিং কলেজের অধ্যক্ষ রিনা ক্রুজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।