১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

হাম: সারাদেশে ৩ মে থেকে বিশেষ টিকাদান কর্মসূচি

তার আগে আগামী ১২ এপ্রিল থেকে উচ্চ ঝুঁকির দুই সিটি করপোরেশন ও দুই জেলায় এ কার্যক্রম চালু করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2026, 06:44 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামী ৩ মে থেকে সারাদেশে ‘বিশেষ টিকাদান কর্মসূচি’ শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

তার আগে আগামী ১২ এপ্রিল থেকে উচ্চ ঝুঁকির দুই সিটি করপোরেশন ও দুই জেলায় এ কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "তেশরা মে থেকে, অর্থাৎ আগামী মাসের তিন তারিখ থেকে সারাদেশের সকল জেলা, সকল উপজেলায় একযোগে আমরা এই টিকাদান কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ।”

তিনি বলেন, বিশ্ব ব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের মূল্যায়নের ভিত্তিতে ‘সবচেয়ে ঝুঁকিপূর্ণ’ ১৮ জেলার ৩০ উপজেলায় রোববার টিকাদান শুরু হয়েছে।

এরপর ১২ এপ্রিল ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এবং ময়মনসিংহ ও বরিশাল জেলায় এ কার্যক্রম শুরু হবে বলে জানান মন্ত্রী।

পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ এপ্রিল থেকে চারটি সিটি করপোরেশন এবং ৩ মে থেকে দেশের বাকি সব জেলা ও উপজেলায় একযোগে হামের টিকা দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী অনুষ্ঠানে বলেন, “ওই এলাকায় যারা আমাদের দলীয় নেতৃবৃন্দ আছেন, সবাইকে আমি অনুরোধ করব যে গ্রামের দিকে খেয়াল রাখবেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, আমাদের বাচ্চারা যদি হাম আক্রান্ত হয়, সাথে সাথে আপনারা অভিভাবকদের বুঝিয়ে নিকটস্থ হাসপাতালে পাঠিয়ে দেবেন, যাতে করে একটা সন্তানও যেন মৃত্যুর কোলে ঢলে না পড়ে, কোন মায়ের বুক যেন খালি না হয়, আপনারা সেদিকে খেয়াল রাখবেন।”

অতীতের সরকারগুলোর ‘ভুল ব্যবস্থাপনার’ কারণে এবার হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে দাবি করেন তিনি।

৫ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকা দেওয়ার ব্যাখ্যায় মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে আক্রান্তদের মধ্যে ৮২ শতাংশ রোগী ৫ বছরের কম হওয়ায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের গ্রুপটিকে টিকা দেওয়া হচ্ছে। বাকিদের পরে পর্যায়ক্রমে দেওয়া হবে।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স, বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচ) প্রতিনিধি ডা. আহমেদ জামশিদ মোহামেদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এরপর মন্ত্রী একই উপজেলার বর্ধনপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ‘শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি’ পরিদর্শন করেন।