২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: একদিনে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৫ রোগী

চলতি বছর মশাবাহিত এ রোগে ১২৭ জনের প্রাণ গেল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 05:32 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

বাংলাদেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে; এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে ১২৭ জনের প্রাণ গেল।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৪৫ ডেঙ্গু রোগী। তাতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৩২ হাজার ৯৪৬ জনে দাঁড়িয়েছে।

মৃত ব্যক্তিদের মধ্যে এক জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং এক জন বরগুনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুজনেই নারী; এক জনের বয়স ৩৫, অন্য জনের বয়স ৫৫ বছর।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এছাড়া অগাস্টে ৩৯ জন, জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন মারা যান। 

মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি। আর সেপ্টেম্বরের প্রথম তিন দিনে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন জুলাই মাসে। এ ছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, অগাস্ট মাসে ১০ হাজার ৪৯৬ জন এবং ৩ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৭০ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ১৪৬ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।

এ ছাড়া ঢাকা বিভাগে ৬৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ছয় জন এবং বরিশাল বিভাগে ৭৮ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫৮৯ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫১৯ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১০৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।