২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৬৪ জন

মারা যাওয়া দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2025, 05:55 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

দেশে গত এক দিনে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে নতুন করে ৩৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ১৩২ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু। আর হাসপাতলে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৩৩ হাজার ৮৩১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর শনিবার জানিয়েছে, নতুন করে মারা যাওয়া দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের একজন নারী, আরেকজন পুরুষ। একজনের বয়স ৪২ বছর, অপরজনের ৫২।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ১৩১ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে ৫০ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৭৬ জন, বরিশাল বিভাগে ৪৯ জন এবং খুলনা বিভাগে ৩৮ জন রোগী ভর্তি হন। রংপুর, রাজশাহী এবং সিলেট বিভাগে নতুন ভর্তি রোগী নেই।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৫৪৬ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫১১ জন; আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১ হাজার ৩৫ জন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। অগাস্টে ৩৯ জন, জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন ও মে মাসে তিনজন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি। আর সেপ্টেম্বরের ছয় দিনে ১০ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১০ হাজার ৬৮৪ জন হাসপাতালে ভর্তি হন জুলাই মাসে। জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন এবং ৬ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।