Published : 04 Feb 2026, 09:02 PM
ক্যান্সার রোগী ও তাদের স্বজনদের মানসিক স্বাস্থ্যসেবা দিতে ‘পাশে আছি’ ডিজিটালি প্ল্যাটফর্ম ও অ্যাপ চালু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন-সিসিসিএফ।
অ্যাপভিত্তিক এ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ক্যান্সার রোগী ও তাদের পরিবারের সদস্যরা মানসিক স্বাস্থ্যসেবা, কাউন্সেলিং এবং বিভিন্ন তথ্য সহায়তা পাবেন।
ক্যান্সার সার্ভাইভার ও কাউন্সেলিং বিশেষজ্ঞরা রোগী ও তাদের স্বজনদের এ সেবা দেবেন বলে সিসিসিএফের পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার বিশ্ব ক্যান্সার দিবসের বিকালে রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ অ্যাপের উদ্বোধন করার কথা জানিয়েছে সিসিসিএফ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলছে, অ্যাপটি ক্যান্সার আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা অনলাইন কাউন্সেলিং, মানসিক সহায়তা এবং প্রয়োজনীয় তথ্য সেবা পাবেন, যা ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে তাদের মানসিক শক্তি জোগাবে।
গুগল প্লে স্টোরে শিগগিরই অ্যাপটি পাওয়া যাবে বলেও জানিয়েছে সিসিসিএফ।
সিসিসিএফ প্রেসিডেন্ট রোকশানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যান্সার সার্ভাইভার ও সিসিসিএফ সাধারণ সম্পাদক জাহান-ই-গুলশান।
মমতাজ আহমেদ বলেন, “ক্যান্সার এখন শুধু একটি স্বাস্থ্যগত সমস্যা নয়, এটি একটি সামাজিক ও মানসিক সংকট। ক্যান্সার আক্রান্ত ব্যক্তি এবং তার পরিবার দীর্ঘ সময় ধরে মানসিক চাপ, ভয় ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যায়। চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে রোগীর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া আরও ইতিবাচক হয়।”

সিসিসিএফের ‘পাশে আছি’ অ্যাপ চালু ‘একটি সময়োপযোগী ও যুগান্তকারী উদ্যোগ’ মন্তব্য করে এর মাধ্যমে ক্যান্সার রোগীদের দোরগোড়ায় মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন সচিব।
তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ সরকারের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সামাজিক দায়িত্ব পালনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।”
অনুষ্ঠানে ক্যান্সার চিকিৎসায় মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিসিসিএফ প্রেসিডেন্ট রোকশানা আফরোজ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, ক্যান্সারের সঙ্গে লড়াই শুধু ওষুধ বা চিকিৎসা দিয়ে সম্ভব নয়—মানসিক শক্তিই পারে মানুষকে বাঁচার প্রেরণা দিতে। এই বিশ্বাস থেকেই ‘পাশে আছি’ অ্যাপের যাত্রা শুরু হল।
“এই অ্যাপের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও ক্যান্সার আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা মানসিক স্বাস্থ্যসেবা, কাউন্সেলিং এবং প্রয়োজনীয় তথ্য সহায়তা পাবেন। সিসিসিএফের নিজস্ব ক্যান্সার সার্ভাইভার ও কাউন্সেলিং বিষয়ে উচ্চতর ডিগ্রিধারী বিশেষজ্ঞরা এই সেবা দেবেন।”
চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, ক্যান্সার সার্ভাইভার, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
জ্যেষ্ঠ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল বলেন, “ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় সময়মত রোগ শনাক্তকরণ যেমন জরুরি, তেমনি রোগী ও তার পরিবারের মানসিক স্বাস্থ্যসেবাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
“মানসিক সমর্থন ও সঠিক কাউন্সেলিং ক্যান্সার আক্রান্ত ব্যক্তির চিকিৎসা গ্রহণের সক্ষমতা ও জীবনমান উন্নত করতে সহায়ক ভূমিকা রাখে। এ ক্ষেত্রে সমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
পথিকৃত ফাউন্ডেশনের চেয়ারম্যান চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক ডা. লিয়াকত আলি বলেন, “ক্যান্সার একটি দীর্ঘমেয়াদি ও জটিল রোগ, যার প্রভাব শুধু রোগীর ওপর নয়, পুরো পরিবারের ওপর পড়ে। তাই চিকিৎসার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি, মানসিক সহায়তা এবং সামাজিক সহযোগিতা নিশ্চিত করা জরুরি।”
সিসিসিএফের ‘পাশে আছি’ অ্যাপ দেশের স্বাস্থ্যখাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে ক্যান্সার আক্রান্ত বা ক্যান্সার রোগীর পরিবারের সদস্য পাঁচজন শিশুকে শিক্ষা সহায়তা হিসেবে মুগ্ধতা স্মৃতি বৃত্তি দেওয়া হয়।
শিক্ষার সুযোগ সৃষ্টির পাশাপাশি ক্যান্সার আক্রান্ত বা ক্যান্সার রোগীর পরিবারের শিশু সদস্যদের অনুপ্রাণিত করতে এ বৃত্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিসিসিএফ।