২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ভারতীয় হাই কমিশনের আয়ুর্বেদ দিবস উদযাপন

“একই রকম ভূ-জলবায়ু পরিস্থিতির কারণে এবং অনেক ঔষধি উদ্ভিদের মিল থাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতার বিশাল সুযোগ রয়েছে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 12:21 AM

Updated : 26 Aug 2026, 02:21 PM

চিকিৎসা বিশেষজ্ঞ, যোগব্যায়াম অনুশীলনকারী এবং বাংলাদেশি যুব প্রতিনিধিদলের সদস্যসহ বিশিষ্টজনদের নিয়ে দশম জাতীয় আয়ুর্বেদ দিবস উদযাপন করেছে ঢাকায় ভারতীয় হাই কমিশন।

‘মানুষের জন্য আয়ুর্বেদ, গ্রহের জন্য আয়ুর্বেদ’ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে  (আইজিসিসি) দিবসটি উদযাপাপিত হয়। ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজনের নানা দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আইজিসিসির পরিচালক অ্যান মেরি জর্জ বলেন, “ভারত ও বাংলাদেশ ইতিহাস, ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী ওষুধের একই ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ। বাংলাদেশে শত শত বছর ধরে আয়ুর্বেদ অনুশীলন হয়ে আসছে এবং জনগণের স্বাস্থ্য ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।” 

তিনি বলেন, “ইউনানি, যোগ এবং হোমিওপ্যাথির পাশাপাশি, আয়ুর্বেদ বাংলাদেশের স্বাস্থ্য নীতির একটি অবিচ্ছেদ্য অংশ। একই রকম ভূ-জলবায়ু পরিস্থিতির কারণে এবং অনেক ঔষধি উদ্ভিদের মিল থাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতার বিশাল সুযোগ রয়েছে।”

ঐতিহ্যবাহী এই চিকিৎসা বিষয়ে পড়াশোনা করতে অনেক বাংলাদেশি শিক্ষার্থীর ভারতে যাওয়ার কথা তুলে ধরে অ্যান মেরি জর্জ বলেন, এটা দুই দেশের মধ্যে ‘জ্ঞান ও সাংস্কৃতিক বিনিময়কে’ আরও জোরদার করে।

অনুষ্ঠানে মূল বক্তব্যে দেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ সারিক হাসান খান। প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাতে আয়ুর্বেদ এবং ইউনানী পদ্ধতির ভূমিকার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে ‘আয়ুর্বেদের যাত্রা’ শীর্ষক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও প্রদর্শন করা হয়। এরপর আইজিসিসির যোগ প্রশিক্ষক শাহানাজ পারভিন শিখার একটি যোগ প্রদর্শন এবং যোগ ব্লিস, ঢাকার প্রতিষ্ঠাতা ফারহানা সুলতানা করিমের নেতৃত্বে একটি ইন্টারঅ্যাক্টিভ যোগ অধিবেশন অনুষ্ঠিত হয়।