১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে আরও চার মৃত্যু

জুলাই মাসে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭ জন মারা গেছেন, যা চলতি বছরে সবচেয়ে বেশি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2025, 05:50 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

বাংলাদেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১৯ জন।

এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৮ হাজার ৩৪৫ জন। তাদের মধ্যে ৬৯ জনের মৃত্যু হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্ত জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার জনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণসিটি করপোরেশন ও একজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জুলাই মাসে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭ জন মারা গেছেন, যা চলতি বছরে সবচেয়ে বেশি। জুন মাসে মৃত্যু হয়েছিল ১৯ জনের।

এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিন জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা জুলাই মাসে সবচেয়ে বেশি, ৮০৪৯ জন। জুন মাসে ৫৯৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এ ছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে, ৮৯ জন।

ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৯০ জন, ঢাকা বিভাগে ৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৩০ জন এবং রংপুরে বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩১৬ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৮৭ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯২৯ জন।

দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।