Published : 08 Feb 2026, 07:25 PM
বিসিএস স্বাস্থ্য ক্যাডারের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালটেন্ট ও সহকারী অধ্যাপকের ৩০০ পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সোমবার দুপুর ১২টা থেকে থেকে এসব পদে অনলাইনে আবেদন করা যাবে; শেষ হবে ৮ মার্চ রাত ১২টায়।
রোববার এ চার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।
আপাতত এ নিয়োগে মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
বিজ্ঞপ্তিতে পিএসসি বলছে, “যেসব ক্ষেত্রে পদের সংখ্যার চেয়ে প্রার্থীর সংখ্যা তুলনামূলক ‘অত্যাধিক বেশি’, সেসব ক্ষেত্রে মৌখিক পরীক্ষার আগে লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে।”
কোনো পদে মৌখিক পরীক্ষা হবে, নাকি লিখিত বা বাছাই পরীক্ষা হবে, সে বিষয়ে সিদ্ধন্ত নেওয়ার ক্ষমতা পিএসসি সংরক্ষণ করে বলেও তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের তৃতীয় গ্রেডে বেতনভুক্ত অধ্যাপক, চতুর্থ গ্রেডে বেতনভুক্ত সহযোগী অধ্যাপক, পঞ্চম গ্রেডে বেতনভুক্ত সিনিয়র কনসালটেন্ট ও ষষ্ঠ গ্রেডে বেতনভুক্ত সহকারী অধ্যাপকের শূন্য পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
৫৩ ক্যাটাগরির অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালটেন্ট ও সহকারী অধ্যাপক পদে নিয়োগের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। বিভাগীয় প্রার্থী ও চাকরিরত প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তি দেখুন এখানে