২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামের রোগী ফেরত না পাঠাতে জরুরি নির্দেশনা

রোগীর চাপ সামলাতে সরকারি হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোরও নির্দেশনা দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2026, 04:35 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

দেশের কোনো হাসপাতাল থেকে হাম বা হাম-উপসর্গের রোগীকে অন্যত্র ফেরত না পাঠাতে স্পষ্ট নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

রোগীর চাপ সামলাতে সরকারি হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোরও নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত ওই আদেশে দেশের সব সরকারি হাসপাতালকে তাৎক্ষণিকভাবে নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়েছে।

জরুরি নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালে শয্যা খালি না থাকলেও রোগী ফিরিয়ে দেওয়া যাবে না। প্রয়োজনে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করতে হবে। 

তবে কেবল জটিল ও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে রোগীকে রেফার করা যাবে। সেক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের নির্ধারিত রেফারাল চেইন কঠোরভাবে অনুসরণ করতে হবে। এ নিয়ম লঙ্ঘন হলে সংশ্লিষ্ট হাসপাতালের প্রধানকে দায় নিতে হবে।

গত কয়েক মাসে দেশে হাম রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রোগীদের সেবা নিশ্চিত করতেই এমন নির্দেশনা জারি করা হয়েছে।

দেশে গত একদিনে হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও চার শিশু।

সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ১৯৪ জন মারা গেছে।