১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এইডিস মশাবাহিত এ রোগে চলতি মাসে ৫৯ জনের মৃত্যু হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 06:27 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু এবং সর্বোচ্চ এক হাজার ৭৩৩ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

আটজনের মধ্যে ঢাকার দুই দক্ষিণ সিটি করপোরেশন এলাকার চারজন, চট্টগ্রাম বিভাগের তিনজন এবং ময়মনসিংহের একজন রয়েছেন।

সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৫৭ জনের মৃত্যু হলো। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাণ গেছে ৫৯ জনের, যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭০ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ১৪৩ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৩৮৮ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৯১ জন, চট্টগ্রামে ১৯১ জন, খুলনায় ৩০২ জন, ময়মনসিংহে ১১০ জন, রাজশাহীতে ১৪৫ জন, রংপুরে ৮৬ জন ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছেন।

বুলেটিনের তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় এক হাজার ২৮২ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

চলতি বছর ৫৩ হাজার ৫৭০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৯ হাজার ৩৭৫ জন হাসপাতাল ছেড়ে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।