২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিডে আক্রান্ত আরও ২৮ জন

চলতি বছরের এ পর্যন্ত কোভিড আক্রান্ত হয়েছেন মোট ৩৮৭ জন; মারা গেছেন সাতজন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 08:43 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ জন, এ সময়ে কারও মৃত্যু হয়নি।

এ নিয়ে চলতি বছর কোভিড আক্রান্ত রোগী বেড়ে দাঁড়াল ৩৮৭ জনে। আর মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছে সাতজনের নাম।

স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮৩টি নমুনা পরীক্ষা করে ২৮ রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৩১ শতাংশ।

ঢাকা বিভাগে ১৭৮টি নমুনা পরীক্ষায় ১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৭টি নমুনা পরীক্ষা করে ১২ জন, রাজশাহীতে ৩৩টি নমুনা পরীক্ষা করে দুইজন এবং খুলনায় ২৫টি নমুনা পরীক্ষা করে তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

দেশে ২০২০ সালে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর দেশে শনিবার পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ২৮ হাজার ২৬৬টি নমুনা পরীক্ষা করে ২০ লাখ ৫১ হাজার ৯৩২ জন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৬ জনের।

কোভিড মহামারী শুরুর পর প্রথম বছর ২০২০ সালে ৭৫৫৯ জনের প্রাণ কেড়েছিল করোনাভাইরাস। এরপর সবচেয়ে বেশি ২০ হাজার ৫১৩ জনের মৃত্যু হয়েছিল ২০২১ সালে। এরপর ২০২২ সালে ১৩৬৮ জন এবং ২০২৩ সালে ৩৭ জন এবং ২০২৪ সালে ২২ জন মারা যায় কোভিডে।

ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য দেশে ভাইরাসের এই ধরনটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় নতুন করে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা জরুরি প্রয়োজন ছাড়া ভারত এবং ভাইরাস ছড়ানো অন্যান্য দেশে ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে। পাশাপাশি ঝুঁকি মোকাবেলায় সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতে বলেছে।