১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ৯৯৯

সারাদেশে গেল ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ৭৯ জনের শরীরে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 05:17 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

নতুন এ মৃত্যু নিয়ে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে ৯৯৯ জন প্রাণ হারিয়েছে, সরকারের এ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ বলছে তারা সবাই শিশু।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বরিশাল এবং সিলেট বিভাগে একজন মারা গেছে।

এ সময়ে সারাদেশে ৭৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।

তাদের তথ্য অনুযায়ী, হামে আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত ১০০ জন মারা গেছে। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৮৯৯ জন।

হামে সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে, ৬৩ জন। এর পরেই আছে বরিশাল বিভাগ, সেখানে মারা গেছে ১৯ জন।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪০৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৫৬ জন।

এছাড়া রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৫, চট্টগ্রামে ৬৫, বরিশালে ৫৭, খুলনায় ৩৭ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৫৭ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ১ হাজার ৮৯ জন।

ঢাকা বিভাগে ভর্তি ৩৬৬ জন, রাজশাহীতে ২৭, সিলেটে ১৪০, চট্টগ্রামে ২৫৬, বরিশালে ১২৫, ময়মনসিংহে ৭৫, খুলনায় ৮০, রংপুরে ২০ জন।

এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৬ হাজার ৩৫৯। তাদের মধ্যে ১ লাখ ৪০ হাজার ৮৫০ জন হাসপাতাল ছেড়েছে।

আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৪৬১। আর হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৮৩৫ জনের।