Published : 10 May 2026, 05:12 PM
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে বাউল গানের মাধ্যমে প্রচারাভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বর্ষা মৌসুম সামনে রেখে রোববার দুপুরে গুলশানে ‘সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ’ শিরোনামে এ কর্মসূচি উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কর্মসূচির আওতায় আগামী ২০ দিন সংস্থাটির ৫৪টি ওয়ার্ডের ১০০টি স্থানে বাউল গান পরিবেশন করা হবে। গানের কথার মধ্য দিয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয়, মশার উৎপত্তিস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করবেন শিল্পীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে শফিকুল ইসলাম খান বলেন, "প্রচলিত প্রচারের পাশাপাশি মানুষের কাছে ডেঙ্গু প্রতিরোধের বার্তা আরও কার্যকরভাবে পৌঁছে দিতে ব্যতিক্রমধর্মী এই কার্যক্রম নেওয়া হয়েছে।"
নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শনিবারের অঙ্গীকার, নিজ নিজ বাসা ঘর করি পরিষ্কার— এই স্লোগান সামনে রেখে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে ডিএনসিসি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমই যথেষ্ট নয়, নাগরিকদেরও নিজ নিজ বাসাবাড়ি পরিচ্ছন্ন রাখতে হবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক বেনজীর আহমেদ বলেন, শুধু সিটি করপোরেশন বা স্বাস্থ্য বিভাগ নয়, নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণে সচেতন হতে হবে।
“বাউল সংগীতের মতো জনপ্রিয় সাংস্কৃতিক মাধ্যমের সাহায্যে জনসচেতনতা সৃষ্টির এই কার্যক্রম মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছাবে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা মো. আবদুস সাত্তার পাটোয়ারী ও ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী উপস্থিত ছিলেন।