Published : 27 May 2026, 06:08 PM
দেশে গত একদিনে হামের উপগর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে।
এসময়ে নতুন করে ৬২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৮ জনের। এছাড়া হামের লক্ষণ নিয়ে ৪৭২ জন মারা গেছে।
এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৮৬ জন ঢাকায় মারা গেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৮৪ জন মারা গেছে রাজশাহী বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আগের দিন সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছে, তাদের মধ্যে কেউ হামে মারা যায়নি। তাদের মধ্যে হামের উপসর্গ ছিল।
বুলেটিনে বলা হয়েছে, এসময়ে নতুন করে ৬২ জন হাম আক্রান্ত হয়েছে। আর ১ হাজার ৫৬ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন; যাদের মধ্যে ৯৩৩ জন ভর্তি হয়েছেন।
গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৩৮৫ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। সবচেয়ে কম ১৮ জন ভর্তি হয়েছে রংপুরে।
এ নিয়ে দেশে মোট সন্দেহজনক রোগীয় সংখ্যা ৬৭ হাজার ৭৯ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৮৩৪ জন।