২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোড়ামারা গ্রামের নটমণ্ডপে ‘রিমান্ড’

এ নাটকে একজন লেখকের ভূমিকায় দেখা যায় আসাদুজ্জামান নূরকে; যাকে পড়তে হয় এক পুলিশ কর্মকর্তার প্রবল জেরার মুখে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2023, 09:47 AM

Updated : 12 Feb 2023, 09:47 AM

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের নিজস্ব স্টুডিও মিলনায়তনে মঞ্চস্থ হল হৃৎমঞ্চ প্রযোজিত নাটক ‘রিমান্ড’। 

শুক্র ও শনিবার পর পর দুই সন্ধ্যায় নাটকটির দুটি প্রদর্শনী হয়। মণিপুরি সম্প্রদায়ের পাশাপাশি বাঙালি অনেক দর্শক নাটকটি উপভোগ করেন।

একজন লেখককে পুলিশ কর্মকর্তার অবিরাম জেরার মধ্য দিয়ে মঞ্চ নাটক ‘রিমান্ড’ তার গল্পকে এগিয়ে নিয়ে যায়। নাটকটির রচয়িতা শুভাশিস সিনহা, নির্দেশনাও দিয়েছেন তিনি। 

এতে একজন লেখকের ভূমিকায় দেখা যায় আসাদুজ্জামান নূরকে; যাকে পড়তে হয় এক পুলিশ কর্মকর্তার প্রবল জেরার মুখে। 

পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন জ্যোতি সিনহা। অন্যান্য চরিত্রে অভিনয় করেন কামালউদ্দিন কবির, সউদ চৌধুরী, শাহনাজ জাহান, আনিসুর রহমান রিমন, বর্ষা, সৌম্য, সজীব হোসেন ও অরুণা সিনহা।


ঢাকা, সিলেট, মৌলভীবাজার শহর ছাড়াও বিভিন্ন জায়গা থেকে দর্শক কেবল নাটক দেখতেই ঘোড়ামারা গ্রামে সমবেত হয়েছিলেন।

থিয়েটার পত্রিকা ক্ষ্যাপার নির্বাহী সম্পাদক অপু মেহেদী নটমণ্ডপে নাটক দেখার অভিজ্ঞতা বর্ণনা করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মণিপুরি থিয়েটার তাদের নিজেদের স্টুডিও মিলনায়তন গড়ে সেখানে দর্শনীর বিনিময়ে নাট্যচর্চা করছে। এটা বাংলাদেশের নাট্যাঙ্গনে একটা বড় ঘটনা।"

"ধানক্ষেতের পাশে একটা মিলনায়তনে নাটকের প্রদর্শনী। আর সেই মঞ্চে আসাদুজ্জামান নূরের মত খ্যাতিমান অভিনেতা অভিনয় করছেন। বাংলাদেশের নাট্যাঙ্গনে এর চেয়ে বড় অনুপ্রেরণা যোগানো ঘটনা আর কী হতে পারে? মণিপুরি থিয়েটারের নটমণ্ডপই সম্ভবত বাংলাদেশের একমাত্র গ্রামীণ স্টুডিও থিয়েটার মিলনায়তন।”

শনিবার সন্ধ্যায় ‘রিমান্ড’ নাটকের প্রদর্শনীর পর অভিনেতা আসাদুজ্জামান নূরকে শুভেচ্ছা সম্মাননা জানিয়ে ক্রেস্ট তুলে দেন মণিপুরি থিয়েটারের সভাপতি শুভাশিস সিনহা। 

এ সময় আসাদুজ্জামান নূর বলেন, “গ্রামে এত সুন্দর একটি মিলনায়তন এবং এখানে টিকেটের বিনিময়ে নাটকের প্রদর্শনী হচ্ছে। এটা ভালো লাগার মতো ঘটনা। মঞ্চ নাটক করে নাট্যশিল্পীরা অর্থ-বিত্তের মালিক হতে পারেন না। দর্শকের ভালোবাসা পেয়েই তারা আনন্দিত হন। আপনারা নিয়মিত নাটক দেখুন, মঞ্চ নাটকের পাশে থাকুন।”   

শনিবার সন্ধ্যায় নাটক উপভোগ করেছেন সারা যাকের, নিমা রহমান, হুমায়ুন কবির হিমু, চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমানসহ অনেকে। এর আগের দিন আসাদুজ্জামান নূরের পরিবারের সদস্যরাও নাটক দেখতে উপস্থিত হয়েছিলেন ঘোড়ামারা গ্রামে। সিলেট থেকে ২৫ জনের বেশি দর্শক এসেছিলেন কেবল মাত্র রিমান্ড নাটক দেখতে।

সারা যাকের বলেন, "একটা গ্রামের আধুনিক মঞ্চে নাটকের চর্চা হচ্ছে। মণিপুরি থিয়েটারের নিজস্ব স্টুডিও মিলনায়তন আছে। এটি ভীষণ গর্বের।"

‘রিমান্ড’ নাটকের নেপথ্য কলাকুশলী হিসেবে মঞ্চ পরিকল্পনায় ছিলেন কামালউদ্দিন কবির, আলোক পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী, সহযোগী: আসলাম অরণ্য, সাইফ মণ্ডল, পোশাক পরিকল্পনায় আইরিন পারভীন লোপা, প্রপসে শাহনাজ জাহান, স্টেজ ম্যানেজার রিমন, পোস্টার ডিজাইন সজলকান্তি সিংহ, প্রকাশনায় অপু মেহেদী, প্রযোজনা ব্যবস্থাপনায় পাভেল রহমান। 

নাটকটি নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের প্রণোদনায় নির্মিত। গত ২২ জানুয়ারি ঢাকার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আলী যাকের নতুনের উৎসবে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়।