কথা-গানে আব্বাসউদ্দীনকে স্মরণ
“লোকসংগীত শিল্পী আব্বাসউদ্দীনের গান আমাদের স্বাধীনতা আন্দোলনকে বেগবান করেছে, ত্বরান্বিত করেছে। "
জন্মবার্ষিকীতে কথা, গানে স্মরণ করা হল লোকসংগীতশিল্পী আব্বাসউদ্দীন আহমদকে।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের আয়োজনে বুধবার জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজন করা হয় ‘আব্বাসউদ্দীন আহমদ: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী শ্যামল কুমার পাল।
জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিল্পী আব্বাসউদ্দীন আহমদের নাতনি অধ্যাপক নাশিদ কামাল।
তিনি বলেন, “৩০/৪০ এর দশকে মুসলিম সম্প্রদায়ের আত্মজাগরণে বড় ভূমিকা রেখেছেন দাদু। তখন কলকাতার এইচএমভি রেকর্ডসে একজন মুসলমান শিল্পী গাইবেন, এ ছিলো অভাবনীয়। দাদু শুধু শিল্পের বিকাশই ঘটাননি, গানের মাধ্যমে তিনি তৎকালীন মুসলমান সম্প্রদায়কে রাজনৈতিকভাবেও উদ্বুদ্ধ করেছিলেন।”
আব্বাসউদ্দীনকে নিয়ে আলোচনায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল বলেন, “আব্বাসউদ্দীন আহমদ এক যুদ্ধ করেছিলেন। তিনি এইচএমভি রেকর্ডসে নিজের নাম না বদলে আব্বাসউদ্দীন আহমদ নামেই গান করেছিলেন।
“এইচএমভি রেকর্ডস পল্লীগীতি রেকর্ড করতে চাইত না। কিন্তু তার গান তুমুল জনপ্রিয় হওয়ায় তারা পরে আব্বাসউদ্দীনকে দিয়ে অসংখ্য ভাওয়াইয়া ও ভাটিয়ালি গান রেকর্ড করে নেয়।”
অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, “লোকসংগীত শিল্পী আব্বাসউদ্দীনের গান আমাদের স্বাধীনতা আন্দোলনকে বেগবান করেছে, ত্বরান্বিত করেছে। আব্বাসউদ্দীনের মতো শিল্পী যুগে যুগে জন্মায় না, হাজার বছরে একজন জন্মায়। তিনি তার গানের মধ্য দিয়ে এদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।”
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, “সাধারণ আর অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য হলো- অসাধারণ ও কীর্তিমান মানুষরা সত্যের সঙ্গে আপস করেন না। শিল্পী আব্বাসউদ্দীন ছিলেন একজন কীর্তিমান ও অসাধারণ মানুষ।”
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান। সঞ্চালনা করেন জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কিপার শিহাব শাহরিয়ার।
শিল্পী আব্বাসউদ্দীন আহমদ ১৯০১ সালের ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালের ৩০ ডিসেম্বর তার মৃত্যু ঘটে।
