২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ দেশের শিশুদের অংশগ্রহণে শিল্পকর্ম প্রদর্শনী ঢাকায় শুরু

ঢাকার উত্তরার ৪ নম্বর সেক্টরে বাংলাদেশ ক্লাবে এই প্রদর্শনী রোববার পর্যন্ত চলবে।

১৩ দেশের শিশুদের অংশগ্রহণে শিল্পকর্ম প্রদর্শনী ঢাকায় শুরু

প্রদর্শনীতে স্থান পাওয়া একটি চিত্রকর্ম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2022, 05:37 PM

Updated : 27 Aug 2022, 05:37 PM

১৩টি দেশের তিন শতাধিক শিশুর শিল্পকর্ম নিয়ে ‘পেইন্ট ইওর ড্রিম’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে। ঢাকার উত্তরার ৪ নম্বর সেক্টরে বাংলাদেশ ক্লাবে এই প্রদর্শনী শুক্রবার শুরু হয়, যা রোববার শেষ হবে।

উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী বীরেন সোম। বিশেষ অতিথি ছিলেন তাসিক আহমেদ, খান মোহাম্মদ বিলাল, রাশেদ সুখন, তাহমিনা শিল্পী, মো. শহীদ হোসেন। বাংলাদেশের চারুশিল্পে অবদানের জন্য শিল্পী বীরেন সোমকে ‘আজীবন সম্মাননা’ দেওয়া হয় অনুষ্ঠানে।

শিল্পকর্ম প্রদর্শনী ছাড়া আর্ট ক্যাম্প, আর্ট ওয়ার্কশপ ও আউটডোর সেশন রয়েছে এই আয়োজনে। প্রদর্শনীর আয়োজক কাওসার হোসেন বলেন, “এই ধরনের অনুষ্ঠানে শিশুরা তাদের স্বপ্নকে রঙ ও সীমাহীন কল্পনার মাধ্যমে প্রকাশ করার মধ্য দিয়ে সংস্কৃতি, দৃষ্টিভঙ্গি ও মতামত বিনিময়ে বড় ভূমিকা রাখতে পারে।”

শিল্পকর্মগুলো বিভিন্ন দেশের শিল্পীদের সমন্বয়ে আন্তর্জাতিক জুরিবোর্ড দ্বারা নির্বাচিত বলেও জানান তিনি। আয়োজনে সহযোগি হিসেবে রয়েছে আইডব্লিউএস বাংলাদেশ ও পদ্ম আর্ট ওয়ার্কশপ।

‘ফোকাস বাংলাদেশ’ আয়োজিত এই প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, নেপাল, ইরান, বুলগেরিয়া, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক, আজারবাইজান, পাকিস্তান, কানাডা, মালয়েশিয়া, সার্বিয়াসহ ১৩টি দেশের তিন শতাধিক শিশু শিল্পী অংশগ্রহণ করছে।