১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘রুচির দুর্ভিক্ষ’: মামুনুর রশীদের কথায় একমত অভিনয় শিল্পী সংঘ

“একটি বিশেষ সম্প্রদায় মামুনুর রশীদের বলা একটি শব্দ, লাইনকে ব্যবহার করে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়াচ্ছেন, বিভাজন তৈরি করছেন, তা ভীষণ নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য।”

‘রুচির দুর্ভিক্ষ’: মামুনুর রশীদের কথায় একমত অভিনয় শিল্পী সংঘ

মামুনুর রশীদ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2023, 09:36 PM

Updated : 29 Mar 2023, 09:36 PM

‘রুচির দুর্ভিক্ষ’ নিয়ে মামুনুর রশীদের মন্তব্যকে ঘিরে সোশাল মিডিয়ায় চলছে নানা রকম আলোচনা সমালোচনা। এর পরিপ্রেক্ষিতে তার বক্তব্যকে সমর্থন জানিয়েছে অভিনয় শিল্পী সংঘ।

বুধবার শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসানসহ সদস্যরা ‘অদ্ভুত আঁধার এক পৃথিবীতে আজ’ শিরোনামে একটি বিবৃতি ফেইসবুকে শেয়ার করে মামুনুর রশীদের মন্তব্যকে সমর্থন জানান।

সম্প্রতি এক অনুষ্ঠানে মামুনুর রশীদ বলেছিলেন, “এখন রুচির দুর্ভিক্ষ চলছে। এর মধ্য দিয়েই হিরো আলমের উত্থান হয়েছে।”

তার বক্তব্যটি সোশাল মিডিয়ায় তীব্র আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পরে হিরো আলমও এনিয়ে প্রতিক্রিয়া জানান। পরে ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবসের অনুষ্ঠানে এসে পুনরায় একই মন্তব্য করেন মামুনুর রশীদ।

পুরানো খবর:

‘রুচির দুর্ভিক্ষ’, আবার বললেন মামুনুর রশীদ

পুরানো খবর:

আমার কারণে রুচি নষ্ট হলে আমাকে মেরে ফেলেন: হিরো আলম

অভিনয় শিল্পী সংঘের বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের শিল্প সাহিত্য নাটক ও চলচ্চিত্রে সাম্প্রতিক রুচির যে অবনমন, যে ধরনের বিষয়বস্তু প্রাধান্য পাচ্ছে ও আলোচিত হচ্ছে, তা নিয়ে তিনি (মামুনুর রশীদ) শঙ্কিত হয়ে বলেছেন, আমাদের রুচির দুর্ভিক্ষ চলছে। উদাহরণ হিসেবে প্রতীকী অর্থে একটি নাম বলেছেন। তিনি কোনোভাবেই কোনো ব্যক্তিকে উদ্দেশ করে বলেননি বলেই আমরা বিশ্বাস করি।”

বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনে মামুনুর রশীদের অবদান স্মরণ করে বিবৃতিতে বলা হয়, “তিনি তার সমগ্র জীবন উৎসর্গ করেছেন বাংলাদেশের সাংস্কৃতিক বিকাশে। একটি বিশেষ সম্প্রদায় মামুনুর রশীদের বলা একটি শব্দ, লাইনকে ব্যবহার করে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়াচ্ছেন, বিভাজন তৈরি করছেন, তা ভীষণ নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য।

“যে বা যারা এই কাজটি করছেন তারাই শিল্প ও সংস্কৃতির প্রধান শত্রু। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা মামুনুর রশীদের সাথে একমত। রুচি ও মূল্যবোধের ভীষণ অবক্ষয় চলছে। অদ্ভুত আঁধার এক পৃথিবীতে আজ।”