২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পান্না কায়সার রূপে দেখা দিলেন মিম

সাদা শাড়িতে মাথায় ঘোমটা টেনে পান্না কায়সার বেশে ধরা দিয়েছেন অভিনেত্রী।

পান্না কায়সার রূপে দেখা দিলেন মিম

পান্না কায়সার রূপে বিদ্যা সিনহা মিমের পাশে শহীদুল্লাহ কায়সারের চরিত্রের অভিনেতা মোস্তফা মনোয়ার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2023, 10:44 PM

Updated : 09 Aug 2023, 10:44 PM

শহীদজায়া পান্না কায়সারের জীবন নিয়ে তৈরি সিনেমা ‘দিগন্তে ফুলের আগুন’ এ তার ভূমিকায় অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। সাংবাদিক ও ঔপন্যাসিক শহীদুল্লাহ কায়সারের চরিত্রে দেখা যাবে মোস্তফা মনোয়ারকে।

বুধবার নিজের ফেইসবুকে পাতায় একটি সাদাকালো ছবি দিয়ে আসন্ন সিনেমায় তার চরিত্রটি কেমন হবে, তা জানালেন অভিনেত্রী মিম।

সাদা শাড়িতে মাথায় ঘোমটা টেনে পান্না কায়সার বেশে ধরা দিয়েছেন অভিনেত্রী। তার পাশেই থাকা মোস্তফা মনোয়ার শার্ট ও মোটা ফ্রেমের চশমায় সেজেছেন শহীদুল্লাহ কায়সার।

ছবিটির সাথে কালো হৃদয় জুড়ে দিয়ে ক্যাপশনে মিম লিখেছেন, “পান্না কায়সার ও শহীদুল্লাহ কায়সার।”

ইতোমধ্যে নতুন লুকের জন্য ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। অনেকেই সিনেমাটি দেখার জন্য উন্মুখ হয়ে আছেন বলেও জানিয়েছেন।

এই সিনেমা নির্মাণের উদ্যোগের মধ্যেই গত শুক্রবার মারা যান পান্না কায়সার। তার হঠাৎ প্রয়াণে ‘শোকস্তব্ধ’ মিমের উপলব্ধি, এক আপনজনকেই হারিয়ে ফেলেছেন তিনি।

ওয়াহিদ তারেক পরিচালিত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি বানাতে সরকারের অনুদান মিলেছে। সিনেমাটির প্রযোজক পান্না কায়সারের মেয়ে শমী কায়সার।

পহেলা আগস্ট থেকে শুরু হয়েছে সিনেমার শুটিং। পুরো মাসজুড়ে এই সিনেমার শুটিং নিয়েই ব্যস্ত থাকবেন মিম।

পুরানো খবর:

পান্না কায়সার: অনুপ্রেরণাদায়ী এক লড়াকু নারীর চিরপ্রস্থান

পুরানো খবর:

দেখা হলো না পান্না কায়সারের সঙ্গে, শোকস্তব্ধ মিম