২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রাইম থ্রিলার ‘সিনপাট’ চরকিতে

'চরকি'তে ১৬৩ মিনিটের ‘সিনপাট’ মুক্তি পেয়েছে বৃহস্পতিবার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2024, 09:04 AM

Updated : 13 Jan 2024, 09:04 AM

দুই বছর আগে ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ নির্মাণ করে দারুণ আলোচনায় আসা নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম ফের এসেছেন নতুন কাজ নিয়ে। এবারেও তাওকীরের নতুন ক্রাইম থ্রিলার ‘সিনপাট’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে।

'চরকি'তে ১৬৩ মিনিটের ‘সিনপাট’ মুক্তি পেয়েছে বৃহস্পতিবার। নতুনদের নিয়ে কাজ করতে পছন্দ করা তাওকীরের 'সিনপাটে' যারা অভিনয় করেছেন তাদের বেশিরভাগই পরিচিত মুখ নন। তবে অভিনয় শিল্পীদের মধ্যে দুয়েকজনকে দেখা গিয়েছিল ‘শাটিকাপ’ এ।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, “চরকি সব সময় লোকাল কনটেন্ট গ্লোবালি পৌঁছে দেওয়ার জন্যই কাজ করছে। এই বছরের শুরুটা আমরা দুর্দান্ত একটা সিরিজ দিয়ে করছি। 'শাটিকাপ'র পর 'সিনপাট' আরেকটি আলোচিত সিরিজ হবে বলে আমার বিশ্বাস।”

সিরিজের নাম ‘সিনপাট’ কেন প্রশ্নে পরিচালক তাওকীর বলেন, "সিরিজের নাম আসলে কি হবে এটা নিয়ে অনেক ভেবেছি আমরা। বহু নাম প্রাথমিকভাবে মাথায় ছিল। হুট করে একদিন 'সিনপাট' নামটা সামনে আসে। এই শব্দটা পাবনার নগরবাড়ীর লোকাল একটা শব্দ। যেটা আমাদের কাজকে রিফ্লেক্ট করে।”

কী কী সুবিধা আর অসুবিধা হয়েছে কাজ করতে গিয়ে জানতে চাইলে তাওকীর বলেন, “নতুন মানুষদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার আরও অনেক আগে থেকেই। নতুন মানুষদের নিয়ে কাজ করলে নতুন টেকনিক শেখা যায়। আবার নতুন অভিজ্ঞতাও হয়। এছাড়া আমাদের এবারের মূল কাস্ট যিনি তিনি একদমই নতুন। তাকে শেইপে নিয়ে আসতে কিছুটা সময় লেগেছে৷”

সিরিজের সোহেল, ফাজু, দুরু, হাবিবুল বাশার চরিত্রে অভিনয় করেছেন সোহেল শেখ, মোহাম্মদ রিফাত বিন মানিক, জিন্নাত আরা, শিবলী নোমান।

এছাড়াও আরও আছেন প্রণব ঘোষ, তানজিনা রহমান তাসনিম, রাজু আহমেদ, মুস্তাফা শাহরিয়ার রহমান, রাব্বানি অপু, মাইনুদ্দিন মানু, মুনসিফ মিম, জাহিদ মিল্টন, হুমায়রা স্নিগ্ধা, জিলহজ্ব, শাহদাত শিটু, ইমরান আহমেদ রোমান, অরুন্ধতী মুখার্জী, উম্মে হাবিবাসহ অনেকে।

কী আছে 'সিনপাটে'

গল্পে সোহেল একজন অপরাধী। মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত সোহেল নিজের এলাকা থেকে বিতাড়িত হয়ে তালা খোলা এক্সপার্ট ফাজু নামের একজনকে সঙ্গে নিয়ে নতুন এক শহরে আস্তানা গাড়ে।

নতুন শহরে নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে সোহেল। এদিকে হাবিবুল বাশার নামের এক সাংবাদিক সোহেল ও ফাজুর সন্ধান করে নতুন শহরে পৌঁছায়। এসব মিলিয়ে বোনা হয়েছে ‘সিনপাট’র গল্প।

‘সিনেপাট’র সংগীত ও আবহ সংগীত পরিচালনা করেছেন কলকাতার নবারুণ বোস। সাউন্ড ডিজাইনে ছিলেন আদীপ সিং মানকি।

মেকআপ ও কস্টিউমের কাজটি করেছেন সাথী আকতার; আর শিল্পনির্দেশনা দিয়েছেন অমিত রুদ্র।

ওমর মাসুম, মাইনুল ইসলাম মিলন, অমিত রুদ্র ও খালিদ সাইফুল্লাহ সাইফকে সঙ্গে নিয়ে চিত্রনাট্য লিখেছেন তাওকীর। সম্পাদনা করেছেন সংলাপ ভৌমিক। আর কালার গ্রেডিং করেছেন অমিত কুমার অনির্বাণ দত্ত।