২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাধুরীর সঙ্গে নেচে-গেয়ে মহা খুশি কিলি পল

তানজানিয়ার এই সোশ্যাল মিডিয়া স্টার বলছেন, তার কাছে বলিউড মানেই মাধুরী।

মাধুরীর সঙ্গে নেচে-গেয়ে মহা খুশি কিলি পল

মাধুরীর সঙ্গে নাচলেন কিলি পল, বললেন তিনি ভীষণ খুশি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2022, 05:45 PM

Updated : 09 Oct 2022, 05:45 PM

মুম্বাইয়ে নাচের রিয়েলিটি শো `ঝলক দিখলা যা’ তে বলিউড তারকা মাধুরী দীক্ষিতের সঙ্গে নাচে-গানে ঝড় তুলেছেন তানজানিয়ার সোশ্যাল মিডিয়া স্টার কিলি পল।

নাচের রিয়েলিটি শো’টির একটি ছোট্ট প্রোমো সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছেড়েছে কালারস টিভি। সেখানেই মাধুরীর সঙ্গে নাচতে দেখা যায় কিলিকে।

সিনে ম্যাগাজিন বলিউড লাইফ জানিয়েছে, `ঝলক দিখলা যা’র ১০ নম্বর সিজনের বিচারকের আসনে আছেন মাধুরী, নৃত্যশিল্পী নোরা ফাতেহি ও করণ জোহর। নিয়া শর্মা, রুবিনা দিলাইক, ফয়সাল শেষ, অমরুতা খান ভিলকর, নীতি টেলর, আলী আসগরদের মতো টিভি তারকারা এই শোয়ের প্রতিযোগী। আর ১০ নম্বর সিজনে অতিথি হয়ে আসেন দক্ষিণ আফ্রিকার দেশ তানজানিয়ার সেলিব্রিটি কিলি।

প্রোমোতে দেখা যায়, কিলি মঞ্চে মাধুরীকে পাশে দাঁড়িয়ে তাকে উৎসর্গ করে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ‘শেরশাহ’ সিনেমার রাতান লাম্বিয়ান গানটি গাইছেন।

ইউটিউবে প্রকাশিত আরেটি ভিডিওটিতে দেখা যায়, বিচারকের আসন থেকে মাধুরী তার সঙ্গে নাচতে চাইলে ভীষণ খুশি হয়ে যান কিলি।

Image

`ঝলক দিখলা যা’ শোতে মাধুরীর সঙ্গে নাচছেন কিলি পল

১৯৯৪ সালে মুক্তি পাওয়া মাধুরীর সিনেমা ‘আনজাম’র ‘চান্নে কে খেত মে’ গানের সঙ্গে নাচের ঝড় তোলেন মাধুরী। এরপর কিলি তার স্বকীয় বৈশিষ্ট্যের নাচ শুরু করেন। তখন আর বসে থাকতে না পেরে বিচারকের আসন থেকে দৌড়ে এসে নাচে ছন্দ তোলেন নোরা ফাতেহি এবং অন্য প্রতিযোগীরা।

এছাড়া গায়ক রনধাওয়ার গান ‘ড্যান্স মে রানিতে’ প্রতিযোগীদের সঙ্গেও একচোট নাচেন কিলি।

কিলি বলেন, “আমার কাছে বলিউড মানেই মাধুরী, তার তুলনা হয় না। এই শোয়ে তার সঙ্গে পারফর্ম করে আনন্দিত। শোতে নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলানো আমার জন্য দুর্দান্ত অভিজ্ঞতা।

সবার জন্য ভালোবাসা ও কৃতজ্ঞতা।”

কিলি বলিউডি সিনেমাগুলোয় ঠোঁট মিলিয়ে নাচের ভিডিও তৈরি করে প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায়। শুধু ইনস্টাগ্রামেই তার ফলোয়ার ৪০ লাখের বেশি।

‘ঝলক দিখলা যা’তেই শুধু নয়, ভারতের টেলিভিশনের আরেক রিয়েলিটি শো ‘বিগ বস’র ষোড়শ সিজনেও দেখা যাবে কিলিকে, যে শো সঞ্চালনা করছেন সালমান খান।