১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাঁধনের প্রথম হিন্দি সিনেমার ট্রেইলার প্রকাশ, মুক্তি ৫ অক্টোবর

বাংলাদেশি এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2024, 04:42 PM

Updated : 26 Jan 2024, 04:42 PM

‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি পাওয়ার পর এবার বলিউডে অভিষেক হচ্ছে বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধনের। ‘খুফিয়া’ নামের এই সিনেমার ট্রেইলার প্রকাশিত হয়েছে সোমবার, এটি আগামী ৫ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে।

অমর ভূষণের ‘এস্কেপ টু নো হোয়্যার’ উপন্যাস অবলম্বনে নেটফ্লিক্সের জন্য ‘খুফিয়া’ সিনেমাটি নির্মাণ করেছেন বিশাল ভরদ্বাজ।

রহস্য, অ্যাকশন ও রোমান্সে ঠাসা ট্রেইলারে ২০০৪ সালের ঘটনা দিয়ে শুরু হয়। ভারতের একটি গোয়েন্দা সংস্থার নজরদারিতে থাকা একজন যুগ্ম সচিবের অদৃশ্য হওয়ার গল্প দেখানো হয়েছে এতে। ‘খুফিয়া’তে সিক্রেট এজেন্টের চরিত্রে দেখা গেছে টাবুকে। মাত্র কয়েকটি দৃশ্যে দেখা মিলেছে বাঁধনের। বাংলাদেশি এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সিনেমায় নিজের ভূমিকা নিয়ে বাঁধন কলকাতার আনন্দবাজার পত্রিকাকে বললেন, ‘‘আমার চরিত্রটি বাংলাদেশি। খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। তারা যে বাংলাদেশি চরিত্রের জন্য বাংলাদেশি অভিনেত্রীকে ভেবেছেন, এই বিষয়টা আমার খুব ভালো লেগেছিল।”

২০২১ সালে অডিশনে নির্বাচিত হওয়ার পর বাঁধনের সিনেমার শুটিং শুরু হয় দিল্লিতে। পরের বছর বাকি অংশের শুটিং হয় মুম্বাইয়ে।

‘খুফিয়া’ তে বাঁধন-টাবু ছাড়াও রয়েছেন আশিষ বিদ্যার্থী, আলি ফজল, ওয়ামিকা গাব্বি প্রমুখ। 

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)