২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফেরা নিয়ে যা ভাবছেন পরীমনি

পুরোপুরি ‘ফিট’ হয়েই সিনেমায় ফিরতে চান এই চিত্রনায়িকা।

ফেরা নিয়ে যা ভাবছেন পরীমনি

সন্তান কোলে পরীমনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2022, 07:34 PM

Updated : 21 Dec 2022, 07:34 PM

মা হওয়ার পর অভিনয়ে বিরতি দিয়েছেন পরীমনি; এরমধ্যে তার আগে করা সিনেমাগুলো একে একে মুক্তি পাচ্ছে। এই তালিকায় সর্বশেষ যুক্ত হল ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। শিশুতোষ চলচ্চিত্রটি মুক্তি পাবে আগামী ২০ জানুয়ারি।

এর মধ্যে ভক্তদের মনে প্রশ্ন ঘুরছে- কবে আবার অভিনয়ে নিয়মিত হবেন এই চিত্রনায়িকা? সেই কৌতূহলের অবসানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নে পরীমনি জানালেন, আরও খানিকটা সময় নেবেন তিনি।

চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করার পর গত জানুয়ারিতে মা হওয়ার ঘোষণা দিয়েই সিনেমায় কাজ কমিয়ে দেন পরীমনি। ‘মা’ সিনেমার অবশিষ্ট কাজ করেন অনাগত সন্তানকে পেটে নিয়েই। গুণীন আর মুখোশ সিনেমার প্রচারও চালান।

গত অগাস্টে পরীর কোলজুড়ে আসে শাহীম মুহাম্মদ রাজ্য। এরপর সন্তানকে কোলে নিয়ে মঙ্গলবার ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরন’ সিনেমার সংবাদ সম্মেলনে আসেন।

নিয়মিত হওয়া নিয়ে প্রশ্নে পরীমনি বলেন, “একটু সময় নেব। আপাতত আমার সমস্ত ভাবনা রাজ্যকে নিয়ে। খাদ্য ও আশ্রয়ের জায়গায় রাজ্য এখন সম্পূর্ণ আমার উপর নির্ভরশীল। ওকে সময় দেওয়া ও ওর পুষ্টি নিশ্চিত করা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।”

পুরনো খবর:

মা হলেন পরীমনি
পরীমনি ও মিমের পাল্টাপাল্টি, ফেইসবুকে উত্তাপ

নিজেকে ‘ফিট’ করে তুলতে মাস তিনেক সময় লাগতে পারে বলেও ধারণা দেন তিনি।

“রাজ্য তোলা খাবার খেতে শুরু করলে আমি জিম ও ডায়েট শুরু করব। কাজের জন্য পুরোপুরি ফিট হয়েই কাজে ফিরতে চাই। আমি মনে করি পুরোপুরি ফিট হতে খুব বেশি হলে তিন মাস লাগবে।”

সেই পর্যন্ত কি সিনেমা থেকে একেবারেই দূরে- পরীমণির উত্তর, “সিনেমা থেকে কখনও দূরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। হাতে যেহেতু সময় আছে, এই সময়ে গল্প পড়ছি, স্ক্রিপ্ট দেখছি। বেশ কিছু প্রজেক্টের আলাপ আলোচনা এগিয়ে রাখছি।”

Image

সদ্য মা হওয়া পরীমনি এখন অভিনয় থেকে ‍দূরে রয়েছেন

‘প্রীতিলতা’ সিনেমার কিছু কাজ এখনও বাকি আছে। শুরুতে তার শেষ করবেন বলে জানান তিনি।

অ্যাডভেঞ্চার অব সুন্দরবন নিয়ে পরীমনি বলেন, “ছেলেকে নিয়ে এসেছি অনুষ্ঠানে। সিনেমাটাও দেখব। ও যখন বড় হবে, তখন দেখাব যে তোমার জন্য একটি উপহার এই সিনেমা। করোনার সময় মনে হয়েছিল, সিনেমাটা শেষ পর্যন্ত আসবে কিনা। এখন সিনেমাটা মুক্তি পাচ্ছে, সেটাই বড় পাওয়া।”

অ্যাডভেঞ্চার অব সুন্দরবনের পর পরীমনির ‘মা’ সিনেমাটি মুক্তির মিছিলে আসছে। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। খুব শিগগিরই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন এর নির্মাতা অরণ্য আনোয়ার।