২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক সিনেমায় ১০০ কোটি রুপি নেওয়াটা দুর্নীতি: নওয়াজউদ্দীন

“দর্শকের চিন্তাভাবনা এগিয়ে গেছে, পেছনে পড়ে আছে আমাদের তারকারা,” বলেছেন এই অভিনেতা।

এক সিনেমায় ১০০ কোটি রুপি নেওয়াটা দুর্নীতি: নওয়াজউদ্দীন

নওয়াজউদ্দীন সিদ্দীকী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2022, 10:53 PM

Updated : 15 Dec 2022, 10:57 PM

হালে বলিউডের সিনেমার বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার জন্য অভিনয়শিল্পীদের অতিরিক্ত পারিশ্রমিক নেওয়াকে দায়ী করলেন নওয়াজউদ্দীন সিদ্দীকী।

এক সিনেমার জন্য কারও ১০০ কোটি রুপির পারিশ্রমিক নেওয়াকে ‘চুড়ান্ত দুর্নীতি’ বলে মন্তব্য করেছেন এই অভিনেতা।

‘লাঞ্চবক্স’ ‘বদলাপুর’খ্যাত নওয়াজউদ্দীনের বলিউড তারকাদের অতিরিক্ত পারিশ্রমিক গ্রহণকে কটাক্ষ করার খবর এসেছে হিন্দুস্তান টাইমসে।

এক সাক্ষাত্কারে এই অভিনেতা বলেন, “অতিরিক্ত পারিশ্রমিকের কারণে সিনেমার বাজেট বেড়ে যাচ্ছে। লাভের অংশ কমে আসে তাতে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে সিনেমা।”

নওয়াজউদ্দীন কারও নাম বলেননি। তবে সালমান খান, অক্ষয়ের মতো তারকারা এক সিনেমায় ১০০ কোটি রুপি পারিশ্রমিক নেন বলে খবর রয়েছে।

নওয়াজউদ্দীন বলেন, “বিষয়টা অনেকটা দুর্নীতির মতো। লক্ষ্য করলে দেখবেন, ছোট বাজেট বা পরিমিত বাজেটের সিনেমা সাধারণত ব্যর্থ হয় না। সিনেমা যতবারই বাজেট বাস্তবতার সীমা ছাড়িয়ে যাবে, ততবারই ফ্লপ করবে তা। অভিনেতা, পরিচালক এবং গল্পকাররা ফ্লপ করান না সিনেমা। সিনেমার বাজেট সেটাকে হিট বা ফ্লপ করায়।”

তিনি আরও বলেন, “দর্শকের চিন্তাভাবনা এগিয়ে গেছে, পেছনে পড়ে আছে আমাদের তারকারা। সিনেমাও পেছনের দিকে হাঁটছে। তা হলে সিনেমা কেন দেখবে এখনকার মানুষ? এখন তো ওটিটির সুবিধা রয়েছে।”

প্রশংসিত অভিনেতা নওয়াজউদ্দীনকে সর্বশেষ দেখা গিয়েছিল হিরোপান্টি ২ এ। সিনেমাটি এই বছরের শুরুতে মুক্তি পেয়েছিল। আগামীতে তাকে কঙ্গনা রানাউতের হোম প্রোডাকশন ‘টিকু ওয়েডস শেরু’তে দেখা যাবে। হাতে আরও পাঁচটি চলচ্চিত্র রয়েছে তার, যার বেশিরভাগই ২০২৩ সালে মুক্তি পাবে।

পুরনো খবর:

১০০০ কোটি রুপি পেলে তো আর কাজই করব না: সালমান খান