নাম বদলে গেল সালমান খানের নতুন সিনেমার
‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমার নাম বদলে হয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’।
‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ এই নামেই সিনেমা শুরু করেছিলেন সালমান খান; তবে টিজার প্রকাশের পর দেখা গেল নাম হয়ে গেছে ‘কিসি কা ভাই কিসি কি জান’।
সোমবার এই বলিউড তারকা তার নতুন সিনেমাটির টিজার প্রকাশ করেন বলে এনডিটিভি জানিয়েছে। এই টিজারে নতুন লুকে দেখা গেল ‘ভাইজান’কে।
লম্বা চুলে এমন সালমান খানকে অনেক দিন পর দেখল ভক্তকূল।
সিনেমার নায়িকা পূজা হেগডে ও শেহনাজ গিলও নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘কিসি কে লিয়ে ওহ ভাই হ্যায় অর কিসি কি জা’ ক্যাপশনসহ টিজারটি শেয়ার করেন।
সালমান খান ফিল্মসের এই সিনেমায় নায়ক সালমানের সঙ্গে রানা দগ্গুবতিকেও দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করছেন ফরহাদ সামজি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সালমান খান চলচ্চিত্রে তার ৩৪ বছর পূর্তি উপলক্ষে ভিডিওটি শেয়ার করে লেখেন- “৩৪ বছর আগেও ছিল ‘এখন’ এবং ৩৪ বছর পরেও ‘এখন’... আমার জীবনের সফর শুরু হয়েছিল, যখন আমার কিছু ছিল না এবং দুটি শব্দে এসে পৌঁছেছে ‘এখন’ এবং ‘এখানে’। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।”
সালমান খানকে শেষ দেখা গিয়েছিল মহেশ মাঞ্জরেকার পরিচালিত অন্তিম সিনেমাতে। তার পরবর্তী সিনেমার মধ্যে রয়েছে কিক-২ ও টাইগার-৩। প্রথমটিতে নায়িকা থাকছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, পরেরটিতে ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।
‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পাবে আগামী বছর।
