Published : 27 Jun 2023, 04:21 PM
নতুন সিনেমা ‘লিও’ এর শুটিং শেষ হতে এখনো ঢের বাকি। কিন্তু তার আগে সিনেমাটির একটি গানের কারণে বিপাকে পড়েছেন নাম ভূমিকায় থাকা দক্ষিণী তারকা থালাপতি বিজয়।
তার বিরুদ্ধে মাদক ব্যবহার ও মদ্যপানে উসকানির অভিযোগ ঠুকে দিয়েছেন একজন।
টাইমস অব ইন্ডিয়া বলেছে, সম্প্রতি চেন্নাইয়ের আরটিআই সেলভন নামের এক সমাজকর্মী বিজয়ের বিরুদ্ধে মাদক ব্যবহার ও মদ্যাপানে উসকানির অভিযোগ দায়ের করেছেন থানায়।
গত বৃহস্পতিবার লোকেশ কানাগরাজ পরিচালিত ‘লিও’ সিনেমা ‘না রেডি’ গানের লিরিকাল ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওতে শুটিংয়ের কিছু দৃশ্যের সাথে মিউজিক ভিডিওর খণ্ডাংশও দেখা গেছে। বেশ কয়েকটি দৃশ্যে অভিনেতার ঠোঁটে জলন্ত সিগারেট ও নৃত্যশিল্পীদের হাতে পানীয়ের গ্লাস দেখা গেছে। আর তাতেই বেঁধেছে গোল।
গানটি ভাইরাল হলে ‘না রেডি’ মাদকাসক্তিকে সমর্থন করে বলে থানায় অভিযোগ দায়ের করেন সেলভেন।
এই সমাজকর্মীর মতে, গানের মাধ্যমে বিজয় মাদক সেবনকে প্রশ্রয় দিচ্ছেন এবং তরুণদের মাদক সেবনে প্রলুব্ধ করছেন।
শিগগিরই তিনি অভিনেতা বিজয়ের বিরুদ্ধে আদালতে মামলা করবেন বলেও জানিয়েছেন।।
যদিও ভক্তরা পুরো ঘটনাটিকে সিনেমার প্রচারের কৌশল হিসেবেই দেখছেন।
বর্তমানে ভারতের অন্ধ্রপ্রদেশের তালাকোনা অঞ্চলে ‘লিও’ এর শেষের দিকে শুটিং চলছে। আগামী ১৯ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।