পাসপোর্ট পেতে হাই কোর্টে আসিফ
গত বছরের ১১ নভেম্বর পাসপোর্টের জন্য আবেদন করে এখনও তা পাননি এই কণ্ঠশিল্পী।
পাসপোর্ট অফিসে আবেদন করেও নিজের পাসপোর্ট না পাওয়ার কথা জানিয়ে হাই কোর্টে আবেদন করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর।
মঙ্গলবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আসিফের পক্ষে তার আইনজীবী এম আনিসুজ্জামান একটি রিট আবেদন করেন।
তাতে তাকে ই-পাসপোর্ট দিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং নতুন ই-পাসপোর্ট দিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, এই রুল চাওয়া হয়েছে।
গত বছরের ১১ নভেম্বর পাসপোর্টের জন্য আবেদন করে এখনও তা পাননি বলে আবেদনে উল্লেখ করেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।
আইনজীবী আনিসুজ্জামান বলেন, “গত বছরের ১১ নভেম্বর নতুন ই-পাসপোর্টের জন্য আবেদন করেন আসিফ আকবর। কিন্তু এখনও তাকে পাসপোর্ট দেওয়া হয়নি। তাই এই রিট করা হয়েছে।”
রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা অ্যান্ড ইমিগ্রেশন), পরিচালক (প্রশাসন ও অর্থ), পরিচালক (ই-পাসপোর্ট প্রকল্প), পরিচালক (বিভাগীয় ভিসা ও পাসপোর্ট অফিস, ঢাকা), যুগ্ম পরিচালকে (আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা) বিবাদী করা হয়েছে।
