জানা-অজানায় কে কে
কে কে’র মৃত্যুর পর তার প্রথম জন্মবার্ষিকীতে শোকের আবহ নিয়েই তাকে স্মরণ করেছে বলিউড।
নাম কৃষ্ণকুমার কুন্নাথ, তবে পরিচিতি কে কে নামে। অকালে হারিয়ে গেলেন ভারতের জনপ্রিয়এই সঙ্গীতশিল্পী। বেঁচে থাকলে মঙ্গলবার ৫৪ বছর পূর্ণ হত তার।
গত ৩১ মে ২০২২ কলকাতায় এক কনসার্টে গান গাওয়ার পরপরই অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে যান কে কে। মৃত্যুর পর তার প্রথম জন্মবার্ষিকীতে শোকের আবহ নিয়েই তাকে স্মরণ করেছে বলিউড।
হিন্দি, বাংলা, তামিল, তেলেগুসহ নানা ভাষায় গাইতে পারা এই শিল্পী লাইমলাইটে চলে আসে পাল, ইয়ারো গানগুলোর মাধ্যমে। চলচিত্রে তিনি অবদান রেখেছেন ‘তাড়াপ তাড়াপ’, ‘ডোলা রে’, ‘ক্যায়া মুঝে প্যায়ার হ্যায়’, ‘সাচ কেহ রাহা হ্যায় দিওয়ানা’, ‘জিন্দেগি দো পাল কি’, ‘আলভিদা’, ‘তু হি মেরি সাব হ্যায়’, ‘খুদা জানে’, ‘আঁখোমে তেরি’ এমন নানা গানের মাধ্যমে। পাঁচবার জিতেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।
প্রচারের আলোয় থাকা এই সঙ্গীত তারকার ৫৪ বছরের জীবনের অনেক কিছুই জানা, আবার অনেক কিছুই জানা গেল তার মৃত্যুর পর।
কৃষ্ণকুমার কুন্নাথ থেকে কে কে
প্রতিভাধর এই গায়ক তার স্টেজ নাম কে কে হিসেবে বেছে নিয়েছিলেন। কপিল শর্মার শো-তে এসে এর কারণ দেখিয়ে তিনি বলেন, দিল্লিতে থাকার সময়ে সবাই তাকে কে কে বলে ডাকত। তিনি কৃষ্ণকুমার নামে পরিচিত হতে চাইলেও কেউ তাকে চিনতে পারছিল না। তাই সবাই যে নামে চিনত, সেই নামই তিনি রেখে দেন।
লাজুক মানুষ
২০১৮ সালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কে কে বলেছিলেন যে তিনি সব সময় লাজুক, তাই মিডিয়াতে খুব একটা দেখা দেন না। তার ভাষ্যে, এ কারণেই মানুষ আসলে জানে না তিনি কে? বহুবার শ্রোতারা কনসার্টের পর তার কাছে এসে জানতে চেয়েছে, তিনি কি সত্যিই কে কে এবং সত্যিই কি তিনি তাড়াপ তাড়াপ এবং আলভিদার মত গানগুলো গেয়েছেন?
প্রেম-পরিণয়ে ‘চাইল্ডহুড সুইটহার্ট’
ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় থেকেই জ্যোতির সঙ্গে কে কে’র পরিচয়। প্রায় ২৪ বছর ধরে জানা এই নারীই হন তার জীবনসঙ্গী। কপিল শর্মার শো-তে তিনি বলেছিলেন, খুব লাজুক স্বভাবের কারণে জ্যোতি ছাড়া অন্য কোনো নারীর সঙ্গে কখনই ডেইটেও যাননি তিনি, এমনকি জ্যোতির সঙ্গে ঠিকভাবে ডেইট করতে পারতেন না।
২০১৭ সালের আজ তাক শো-তে কে কে জানিয়েছিলেন, এলাকার অনুষ্ঠানে ‘প্যায়ার দিওয়ানা হোতা হ্যায়’ গেয়েছিলেন জ্যোতিকে প্রলুব্ধ করার জন্য। নিজের অনুভূতি প্রকাশের ব্যাপারে বলতে গিয়ে তিনি জানান যে, তখন তারা খুব ছোট ছিলেন, ষষ্ঠ অথবা সপ্তম শ্রেণিতে পড়তেন এবং জ্যোতি তার অনুভূতির কথাটি জানতেন। যখন কে কে তার নিজের অনুভূতি বুঝতে পারেন, তখন তিনি জ্যোতিকে বলেছিলেন যে তার জীবনেসঙ্গী হিসেবে জ্যোতিকেই দরকার। বিয়ের রাতে তিনি নববধূর জন্য গেয়েছিলেন- ‘তেরে মেরে সাপনে আব এক রাঙ হ্যায়।’
বিয়ে করার জন্য চাকরি
প্রেয়সীকে বিয়ের জন্য বিক্রয়কর্মীর চাকরি নিয়েছিলেন কে কে। ছয় মাস পর বিবাহিত কে কে বিরক্ত হয়ে পড়েছিলেন এই চাকরি নিয়ে। স্ত্রী এবং বাবার উৎসাহে তিনি চাকরি ছেড়ে সঙ্গীতে মননিবেশ করেন, যা তিনি ছোট থেকে করতে চেয়েছিলেন।
নেই গানের কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা
বলিউড মাতানো এই গায়কের ছিল না গানের উপর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। দিল্লির মাউন্ট সেন্ট মেরি স্কুলে পড়ার সময় তিনি তার মাকে গান গাইতে শুনতেন, যা তার বাবা একটি ছোট টেপে রেকর্ড করতেন।
দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় স্কুলের অনুষ্ঠানে তিনি ‘রাজা রানী’ চলচ্চিত্রের ‘জাব আন্ধেরা হ্যায়’ গানটি গেয়ে শোনান, যা শ্রোতা সমাদৃত হয়েছিল। তখন তিনি আবিষ্কার করেন গানের প্রতি তার আগ্রহ। এই অভিজ্ঞতাকে কে কে ‘লাইফ-চেঞ্জিং’ হিসেবে আখ্যায়িত করেছিলেন।
ভক্তকূলে ব্যাপকভাবে সাড়া ফেলা গান গাওয়া সত্ত্বেও প্রায় দুই দশকের ক্যারিয়ারে এই গায়ক প্রথম ‘খুদা জানে’ গানটির জন্য পুরস্কার জিতেছেন। তবে কে কে-এর এ বিষয়ে কোন আফসোস নেই, কারণ তার ভাষায়, কখনই পুরস্কার জিততে চাননি।
প্রথম চেক
সাড়ে তিন হাজারের বেশি জিঙ্গেলে কণ্ঠ দেওয়া এই শিল্পীর প্রথম জিঙ্গেলটি বের হয় ১৯৯৪ সালে, যার মাধ্যমে শ্রোতারা আগ্রহী হয় তার কণ্ঠস্বরের বিষয়ে। জিঙ্গেলের জন্য সঙ্গীত পরিচালক রঞ্জিত বারোত পে-চেকের বিষয়ে তার মতামত জানতে চাইলে তিনি খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন, কারণ ইন্ডাস্ট্রিতে তিনি সম্পূর্ণ নতুন এবং এর বেতন ব্যবস্থা সম্পর্কে তার কোন ধারণা ছিল না। পরে রঞ্জিত যখন তাকে হাতের পাঁচ আঙ্গুল দেখিয়ে ফ্ল্যাশ করেছিলেন, কে কে তখন ধরেছিলেন তিনি ৫০০ রুপি পাবেন। কিন্তু তিনি অবাক হয়ে যান, যখন তিনি ৫ হাজার রুপির পে-চেকটি হাতে পান।
বড় মাইলফলক
প্লে-ব্যাক গায়ক হিসেবে তার বড় মাইলফলক আসে এ আর রহমানের হিট গান কাল্লুরি সালে এবং হ্যালো ডক্টরের মাধ্যমে। বলিউডে তার প্রথম আত্মপ্রকাশ ঘটে ‘মাচিস’ সিনেমার ‘ছোড় আয়ে হাম উও গালিয়া’ গান দিয়ে। ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার ‘তাড়াপ তাড়াপ’ গানটি তার ক্যারিয়ারে রচনা করে কালজয়ী ইতিহাস, যার দরুণ তিনি রাতারাতি হয়ে ওঠেন তারকা। এবং এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি।
তবে কে কে বিশ্বাস করতেন না যে তিনি ‘তাড়াপ তাড়াপ’ গানটি গাইতে পারবেন। সুরকার ইসমাইল দরবার বলেছিলেন, তিনি মুগ্ধ হয়েছিলেন কে কে’র গায়কীতে। তিনি কে কে’কে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে এই গানের জন্য কে কে-ই যোগ্য এবং তিনি কে কে ছাড়া অন্য কারো কণ্ঠে এই গানটি শুনতে চান না।
সুরকার ইসমাইল দরবার আরও বলেছিলেন ‘তাড়াপ তাড়াপ’ গানটি সঞ্জয় লীলা বানসালীর চলচ্চিত্রের জন্য রচনা করা হয়নি বরং অন্য একটি বড় চলচ্চিত্রের জন্য ছিল। সেই প্রযোজক চেয়েছিলেন এই গানটি কাওয়ালি গায়কদের দিয়ে গাওয়াতে। কিন্তু সুরকার দরবার বুঝতে পারছিলেন যে গানটা আসলে ‘দুর্দান্ত’ হয়ে উঠছে না। তখন তার ফোন পেয়ে স্টুডিওতে আসেন কে কে এবং গানটি রেকর্ড করেন। এতে বিরক্ত হয়েছিলেন সেই প্রযোজক। ইসমাইল দরবারকে বের করে দেওয়া হয় সেই বড় বাজেটের চলচ্চিত্র থেকে এবং তিনি স্বীকার করেন যে কে কে-কে দেওয়ার মতো অর্থ তার কাছে ছিল না। তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যখন তিনি কোন চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হবেন, কেবল তখনই তিনি গানটি গাওয়াবেন। চার মাস পর বানসালির সঙ্গে দেখা করে দরবার কিছুটা ক্লান্ত হয়ে ‘তাড়াপ তাড়াপ’ গানটি উপস্থাপন করেন। অভিভূত হন বানসালি, বাকিটা ইতিহাস।
টিভি সিরিয়ালের জন্য গান
একক এবং চলচ্চিত্রের ছাড়াও কে কে গান করেছেন জাস্ট মোহাব্বাত, শাকা লাকা বুম বুম, হিপ হিপ হুররে, কাব্যঞ্জলি ইত্যাদি টিভি সিরিয়ালের জন্য। তিন দশক দাপিয়ে বেড়ানো এই গায়ক তার কর্মজীবনে গেয়েছেন ৭০০ টিরও বেশি গান। ‘জাব ঘার কি রওনাক বাড়হানি হো’ (নেরোল্যাক পেইন্টস), ‘দেশ কি ধাড় কান’ (হিরো হোন্ডা), পেপসির জন্য গেয়েছেন দূর্দান্ত কিছু জিঙ্গেল।
বিয়েতে গান ও অভিনয়কে প্রত্যাখ্যান
এই গায়ক হিন্দুস্তান টাইমসকে বলেছিলেন, বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য এক কোটি রুপির প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছিলেন। তাকে অভিনয়ের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি নিজেকে অভিনয়ের জন্য সঠিক পাত্র বলে মনে করেননি এবং বহু আগে অভিনয়ের প্রস্তাব পেয়েও প্রত্যাখ্যান করেছিলেন।
