যেসব গানে স্মরণীয় কে কে
এই শিল্পী বেঁচে থাকলে আজ তার বয়স হত ৫৪ বছর।
সুর-কণ্ঠের জাদুতে কয়েক প্রজন্মের শ্রোতাকে মাতিয়ে রেখেছিলেন বলিউডের তারকা শিল্পী কে কে।
তার পুরো নাম কৃষ্ণকুমার কুন্নাথ, পরিচিতি কে কে নামে। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও মারাঠি ছবিতে গান গেয়েছেন। বলিউডে প্লেব্যাকের আগে সাড়ে তিন হাজার জিঙ্গেলে কণ্ঠও দিয়েছেন। পাঁচ বার জিতেছেন ফিল্মফেয়ার পুরস্কার।
গত ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে গান গাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন কে কে। স্থানীয় এক হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এই শিল্পী বেঁচে থাকলে আজ তার বয়স হত ৫৪ বছর। মৃত্যুর পর কে কে’র প্রথম জন্মদিনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জনপ্রিয় কিছু গানে স্মরণ করেছে তাকে।
পাল
কে কে’র গানের প্রথম অ্যালবাম পাল। প্রকাশকাল ১৯৯৯। তখনও তার জীবনে হিন্দি সিনেমায় প্লেব্যাকের সুযোগ আসেনি। এই অ্যালবামে ‘হাম রাহে ইয়া না রাহে কাল’ গানটি দিয়েও কে কে’র জনপ্রিয়তার সূচনা। জীবনে অজস্র অনুষ্ঠান, মঞ্চে গাওয়া এই গানটি ছিল কলকাতার নজরুল মঞ্চের কনসার্টে কে কের শেষ গাওয়া গানগুলোর একটি।
তাড়াপ তাড়াপ (হাম দিল দে চুকে সনম)
জনপ্রিয় হিন্দি সিনেমা হাম দিল দে চুকে সনমে ‘তাড়াপ তাড়াপ’ গেয়ে কে কে তার কণ্ঠস্বরকে চিনিয়ে দিয়েছিলেন সর্বত্র। কে কে এই গানে বিরহী প্রেমিকের হাহাকার-যাতনা ফুটিয়েছেন নিখুঁতভাবে। ‘মাস্টার ক্লাস’ এই গানটি প্রয়াত এই শিল্পীর সুপার হিট গানগুলোর মধ্যে ওপরের দিকে। ১৯৯৯ সালে পরিচালক সঞ্জয় লীলা বানসালির এই সিনেমায় তাড়াপ তাড়াপ গানের সুরকার ছিলেন ইসমাইল দরবার।
আঁখো মে তেরি (ওম শান্তি ওম)
‘ওম শান্ত ওম’ সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন বিশাল শেখর। বিশালের পরিচালনায় কে কে’র কণ্ঠে ‘আঁখো মে তেরি’ গানটি শাহরুখ খানের চরিত্রটির জন্য যথার্থ বলা হয়। বলিউডের বিভিন্ন রোমান্টিক গানের তালিকায় এই গানটিও শক্ত জায়গা করে নিয়েছে।
কেয়া মুঝে পেয়ার হ্যায় (ও লামহে)
‘ও লামহে’ সিনেমায় ‘কেয়া মুঝে পেয়ার হ্যায়’ রোমান্টিক গানটি গেয়ে বিশাল সংখ্যক ভক্ত অনুরাগী জুটিয়ে ফেলেন কে কে। বলা হয় ২০০৬ সালে কে কে’র গাওয়া গানটি প্রেম উদযাপনের রঙে রঙিন হয়ে আসে বারবার।
আলবিদা (লাইফ ইন মেট্রো)
লাইফ ইন মেট্রো সিনেমায় হৃদয়স্পর্শী ‘আলবিদা’ গানটিকেও অন্যতম ধরা হয় কে কের ক্যারিয়ারের। ওই গানে এই শিল্পী তার সুরেলা গলায় প্রেম-বিচ্ছেদের বিরহকে ফুটিয়েছেন গভীরভাবে।
