যৌনতার ‘কাঙাল নন’ ড্রিউ ব্যারিমোর
“আমি এমন ব্যক্তি নই যে যৌনতার প্রয়োজনে হুট করে কারও সঙ্গে জড়িয়ে পড়ব।”
ডিভোর্সের পর ড্রিউ ব্যারিমোর দেখলেন, তাকে নিয়ে অদ্ভুত ধারণা তৈরি হয়েছে কিছু মানুষের মনে; যা খোলসা করলেন তিনি।
চার্লিস অ্যাঞ্জেলস তারকা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, যৌনতাকে তিনি ঘৃণা করেন, বিষয়টা মোটেই তেমন নয়, তবে তিনি যৌনতার কাঙাল নন।
হলিউডের এই অভিনেত্রী ছয় বছর আগে উইল কোপেলম্যানের সঙ্গে বিচ্ছেদের পর কারও সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়াননি। তাদের দুই মেয়ে রয়েছে।
সিএনএন’র এক প্রতিবেদনে যৌনতা ও প্রেম নিয়ে ড্রিউ ব্যারিমোরের দৃষ্টিভঙ্গী উঠে এসেছে। ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এনিয়ে তার দৃষ্টিভঙ্গি পাল্টেছে।
ঘটনার অবতারণা হয়, ব্যারিমোরের কিছুদিন আগে ব্লগে এক লেখা থেকে। তিনি লিখেছিলেন, “শরীরচর্চার একটি ক্লাসে গিয়েছিলাম একদিন। সেখানে এক ভদ্রমহিলা হঠাৎ বলে বসলেন, ‘আপনি দেখতে অনেকটা ব্যারিমোরের মতো … সে সেক্সকে ঘৃণা করে!’ আমি জানতাম না ভদ্রমহিলা আদতে কী বোঝাতে চাইলেন।”
ওই নারীর সেই ধারণার কারণ কিছু দিন পর স্পষ্ট হয় ব্যারিমোরের কাছে। একটি শোতে তিনি বলেছিলেন, একটি কাজে ব্যস্ত থাকার জন্য ছয় মাস যৌনতা থেকে বিরত থাকতে হয়েছিল তাকে। আর বয়স এবং অভিজ্ঞতার কারণে সেই সময়টা তার খুব একটা দীর্ঘ মনে হয়নি।
তার ওই বক্তব্যই যৌনতাকে ‘ঘৃণা’ হিসেবে অনূদিত হয়েছিল ওই নারীর কাছে, যেটা ঠিক নয় বলে জানান ব্যারিমোর।
তিনি লিখেছেন, “জীবনের সম্পূর্ণ ভিন্ন পর্যায়ে আমি আছি এখন। হয়ত অদূর ভবিষ্যতে কোনো সম্পর্কে জড়াতে পারি। তবে আমার জন্য এটি একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমি এমন ব্যক্তি নই যে যৌনতার প্রয়োজনে হুট করে কারও সঙ্গে জড়িয়ে পড়ব।
“আমি সেই ব্যক্ত, যে অল্পবয়সী মেয়েদের, নিজের মেয়েদের এবং একজন নারী হিসেবে পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠা করার বিষয়ে ভাবতে ভালোবাসি।”
ব্যারিমোর আরও বলছেন, সারা জীবন তিনি একজন ধীরস্থির স্বভাবের মানুষ হতে চেয়েছেন। হৈ-হুল্লোড় করা মানুষ তিনি নন।
তবে যৌনতাকে ঘৃণা করার বিষয়টি উড়িয়ে দিয়ে এই অভিনেত্রী বলেন, “রেকর্ড রাখার জন্য বলছি, যৌনতাকে ঘৃণা করি না আমি “
