২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অজয় দেবগনের দৃশ্যম-২ আসছে

দৃশ্যম ২ এর টিজারে হুমড়ি খেয়ে পড়েছে দর্শককূল।

অজয় দেবগনের দৃশ্যম-২ আসছে

হিন্দি দৃশ্যম-২ এর পোস্টার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2022, 12:03 AM

Updated : 30 Sep 2022, 12:03 AM

মোহনলালের দৃশ্যম-২ এক বছর আগে এসেছিল, অপেক্ষা ছিল অজয় দেবগনের দৃশ্যম-২ এর জন্য; অপেক্ষার পালা ফুরিয়ে এবার তাও আসছে আর দেড় মাস বাদেই।

বলিউডের দৃশ্যম ২ এর টিজার বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশের পর সবাই হুমড়ি খেয়ে পড়েছে। ২৪ ঘণ্টা না গড়াতেই তা দেখা হয়ে যায় প্রায় ৪২ লক্ষ বার।

নিজের পরিবারের সম্মান রক্ষায় সাধারণ এক ব্যক্তি বিজয় সালগাঁওকরের জীবনবাজি রাখার গল্প দৃশ্যম, যাতে মূল চরিত্র রূপায়ন করেছেন অজয়।

দৃশ্যমের শুরুটা অবশ্য হলিউডে নয়। দক্ষিণ ভারতের মালায়লাম সিনেমা এই দৃশ্যম, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন মোহনলাল।

Image

মালায়লাম দৃশ্যমে মোহনলালসহ অভিনয়শিল্পীরা

২০১৩ সালে মুক্তি পাওয়া জিথু জোসেফের সেই সিনেমা ব্যাপক আলোড়ন তোলার পর বলিউডে তার রিমেক হয় একই নামে। ২০১৫ সালে মুক্তি পাওয়া নিশিকান্ত কামাথ পরিচালিত সেই হিন্দি সিনেমায় মোহনলালের ভূমিকায় আসেন অজয়।

২০২১ সালে জিথু যোসেফের পরিচালনায় মালায়লাম দৃশ্যম-২ আসার পর হিন্দিতেও তা আনার তোড়জোড় শুরু হয়। নির্মাতা বদলে গিয়ে অভিষেক পাঠক এলেও অভিনয়শিল্পী হিসেবে অজয়ের মতো এবারও রয়েছেন টাবু, রজত কাপুর, শ্রেয়া সরণ। তবে নতুন যোগ হয়েছেন অক্ষয় খান্না।

 সম্প্রতি অজয় দেবগন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সিনেমাটির টিজার শেয়ার করে লেখেন, “বিজয় এবং তার পরিবারের গল্প মনে আছে তো আপনাদের? নাকি মনে করিয়ে দেব?”

Image

দৃশ্যম-২ এ অজয় দেবগন

এক মিনিটেরও বেশি দৈর্ঘ্যের টিজার শুরু হয়েছে সিকুয়েলের আগের দৃশ্যমের কিছু চিত্রের ফ্ল্যাশব্যাক দিয়ে। কয়েক ফ্রেম পরে ব্যাকগ্রাউন্ডে টাবুর সংলাপ শোনা যায়- “সে পুরো পুলিশ বিভাগকে বোকা বানিয়ে ছেড়েছে এবং যখন কোনো প্রমাণ বা সাক্ষীর থাকে না, তখন স্বীকারোক্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে ওঠে।” তারপরই বিজয় সালগাঁওকর রূপী অজয়কে ক্যামেরার সামনে তার অপরাধ স্বীকার করতে দেখা যায়।

তবে এবারের গল্প কীভাবে এগিয়েছে, তা দেখতে হলে অপেক্ষা করতে হবে ১৮ নভেম্বর পর্যন্ত, কেননা সেদিনই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।